২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের ভোটেও ইসির ‘পরীক্ষা’ নেবে বিএনপি

খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের পর ইসি পরিবর্তনের আওয়াজ তুললেও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চায় চায় বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2018, 05:49 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

মঙ্গলবার বিকালে সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করে এসে দলের এই অবস্থানের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

একই দিন সকালে এক আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে অবিলম্বে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানান। ওই সভায় গয়েশ্বরও ছিলেন।  

গত ১৫ মে অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনের পরই নূরুল হুদা কমিশনের উপর অনাস্থার কথা সরাসরি বলা শুরু করেছেন বিএনপি নেতারা।

তবে আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের দিন নির্ধারিত রয়েছে। এখন সেই পর্যন্ত দেখতে চায় বিএনপি।

দলের দুই নেতাকে নিয়ে সিইসির সঙ্গে দেখা করে বেরিয়ে গয়েশ্বর রায় সাংবাদিকদের বলেন, “কমিশনের প্রতি আমাদের আস্থা না থাকলেও আসতে হয়, কারণ কমিশন একটিই। আরেকবার পরীক্ষার জন্যে আমরা গাজীপুর পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমাদের সিদ্ধান্ত নেব।”

তিনি জানান, খুলনা নির্বাচনের অনিয়মের বিষয়গুলো ইসির কাছে লিখিতভাবে তুলে ধরেছেন তারা, যাতে গাজীপুরের ভোটে অনিয়ম না হয়।

ইসির উদ্দেশে গয়েশ্বর বলেন, “রাজনৈতিক দলসহ সবার আস্থা অর্জনই ইসির কাজ। দেশের মানুষ ইসির প্রতি আস্থা না রাখলে, রাজহনৈতিক দল আস্থা হারালে ইসির এ সদস্যরা কাজ করতে পারবেন না।”

সংসদ সদস্যদের স্থানীয় নির্বাচনে প্রচারের সুযোগ দিয়ে বিধিমালা সংশোধনে বিএনপির আপত্তির কথাও ইসিকে জানিয়েছে বিএনপি।

ইসিতে গয়েশ্বরের সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

‘অথর্ব ইসি’ বাতিল চান ফখরুল

ইসি পুনর্গঠনের দাবি তুলে মির্জা ফখরুল বলেছেন, “বর্তমান নির্বাচন কমিশন একেবারে অর্থব, এই সরকারের বশংবদ কমিশন। এরা একটি নির্বাচন পরিচালনা করতে পারে না।

Image
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

“কথায় কথায় সরকারি দলের ধমকের মধ্য দিয়ে যারা আইন পরিবর্তন করে, সেই নির্বাচন কমিশনকে অবশ্যই বাতিল করতে হবে। তা না হলে এখানে কোনো নির্বাচন হবে না।”

ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমানের মৃত্যুদিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে একথা বলেন বিএনপি মহাসচিব।

একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দলের অবস্থান তুলে ধরে ফখরুল বলেন, “আমরা দেশনেত্রীকে ছাড়া কোনো নির্বাচনে যাব না।  

“এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। সেনাবাহিনী মোতায়েন করে নির্বাচন করতে হবে। অন্যথায় দেশে নির্বাচন হবে না।”

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দিত্বের জন্য সরকারকে দায়ী করেন বিএনপি মহাসচিব।

“যারা সেদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছিল, তারাই আজকে দেশনেত্রীকে কারাগারে আটকিয়ে রেখে এদেশের মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছে।”

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আমরা মনে করি, এই আইন-আদালতের মাধ্যমে দেশনেত্রীর মুক্তি সম্ভব নয়। এই সরকারের পতনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।”

আগামীতে কঠোর আন্দোলনের প্রস্তুতি নিতে দলের নেতা-কর্মীদের আহ্বান খন্দকার মোশাররফ।

Image
বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “আমাদের নেত্রীকে মুক্তি করতে হবে। তার মুক্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”

স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, “এখন আমাদের প্রধান কাজ হচ্ছে- দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনা। এজন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে এখন থেকে সকলে প্রস্তুতি নিন।  শুধু ‘জেলে তালা ভাঙবো… ইত্যাদি স্লোগান শুনতে আর চাই না। রাস্তায় নামার প্রস্তুতি নিন।”

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “শেখ হাসিনার অধীনে নির্বাচন করা আর আত্মহত্যা করা একই কথা। যেদিন আমরা নির্দলীয় সরকার প্রতিষ্ঠিত করতে পারব, যেদিনই নির্বাচন হবে। আর আগে এদেশে কোনো নির্বাচন হবে না।”

মির্জা ফখরুলের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পরিচালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মহিলা বিষয়ক সম্পাদক নুরে আরা সাফা, যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মোরতাজুল করীম বাদরু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, ছাত্রদলের এজমল হোসেন পাইলট বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, নাজমুল হক নান্নু, সিরাজউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।