‘হারের দায় নিয়ে’ তাপসের পদত্যাগ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের হারের দায় নিয়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
রোববার সকালে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুনের কাছে পদত্যাগপত্র দিয়েছেন বলে তার ব্যক্তিগত সহকারী তারেক শিকদার জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু তিনি আওয়ামীপন্থী আইনজীবীদের দুটি একত্রিত সংগঠনের সদস্য সচিবের দায়িত্ব পালন করছিলেন, সেই হিসাবে হারের দায় উনার উপরই বর্তায়।
“এই কারণে তিনি সদস্য সচিবের পদ থেকে রিজাইন করেছেন।”
এবিষয়ে জানতে চাইলে পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, “বিষয়টি নিয়ে আমি এখন কোনো কথা বলতে চাই না।”
আর সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ বলেন, “স্যার আমাকে বলেছেন, এই বিষয়ে তিনি কিছু জানেন না এবং কোনো পদত্যাগপত্র তিনি পাননি।”
এদিকে দুপুরে উচ্চ আদালত প্রাঙ্গণে ফজলে নূর তাপসের সঙ্গে দেখা করেন আইনজীবী সমিতি নির্বাচনে সাদা প্যানেলের (সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ) পরাজিত সম্পাদক প্রার্থী আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদের নেতৃত্বে শতাধিক তরুণ আইনজীবী।
মোরশেদ তাপসকে বলেন, “আপনি পদত্যাগ করবেন না। আপনি আমাদের অভিভাবক। পদত্যাগপত্র প্রত্যাহার করুন। আমরা আপনার নেতৃত্ব থেকে বঞ্চিত হতে চাই না। আপনার নেতৃত্বে আমরা প্রয়োজনে শূন্য থেকে কাজ শুরু করব।”
এসময় ব্যারিস্টার ফজলে নূর তাপস নিরব ছিলেন।
গত বুধ এবং বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ২০১৮-১৯ সেশন নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) কাছে ক্ষমতাসীনদের প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ পরাজিত হয়।
সমিতির ১৪টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ দশটি পদে কর্তৃত্ব ধরে রাখতে সক্ষম হন বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা; আওয়ামী লীগপন্থী আইনজীবীরা জয়ী হন ৪টি পদে। গত নির্বাচনেও সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৮টি পদে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা জয়ী হয়েছিলেন।
এবারের নির্বাচনের আগে সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থী আইনজীবীদের দুই সংগঠন- আওয়ামী আইনজীবী পরিষদ এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদকে একত্রিত করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ গঠন করা হয়। ঐক্যবদ্ধ এই সংগঠনের সদস্য সচিব করা হয় ফজলে নূর তাপসকে।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচনকে সামনে রেখে এক হলেও বিভিন্ন বিষয় নিয়ে দুই সংগঠনের কয়েকজন নেতার মধ্যে দ্বন্দ্ব ও অসহযোগিতা ছিল, যার কারণে হার হয়েছে। এই বিষয়টি নিয়ে ক্ষোভ থেকেই পদত্যাগ করেছেন তাপস।
