দূতাবাসে হামলার প্রতিবাদ যুক্তরাজ্য আওয়ামী লীগের
লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে বিএনপি-জামায়াতের হামলার প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
খালেদা জিয়ার দুর্নীতি মামলার আগের দিন বুধবার হাই কমিশনারের কাছে স্মারকলিপি দিতে গিয়ে তাকে না পেয়ে ভাংচুর চালায় বিএনপি-জামায়াতের কর্মীরা।
বৃহস্পতিবার হাই কমিশনের সামনে আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ সমাবেশে প্রবাসী অনেকেই অংশ নেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
“হাইকমিশনে জোর করে ঢুকে হামলা ও ভাংচুর করে বিএনপি-জামায়াত প্রমাণ করেছে তারা সন্ত্রাসের রাজনীতি করে, তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি চায় না।”
বিক্ষোভ সমাবেশে খালেদা ও তারেককে এতিমের ‘টাকা আত্মসাতকারী ও দুর্নীতির হোতা’ উল্লেখ করে তাদের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি জালাল উদ্দিন, শামসুদ্দিন মাস্টার, মোজাম্মেল আলী, যুগ্ম সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ, জনসংযোগ সম্পাদক রবিন পাল, মহিলা সম্পাদিকা মেহের নিগার চৌধুরী।
সমাবেশে যুক্তরাজ্য যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, তাঁতী লীগের নেতা-কর্মীরা অংশ নেন।
