২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে গিয়ে খালেদা শুনলেন, শুনানি দুই ঘণ্টা পর

জিয়া ট্রাস্ট দুর্নীতির মামলায় মঙ্গলবার শুনানি শুরুর দুই ঘণ্টা আগে আদালতে উপস্থিত হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 06:40 PM

Updated : 08 Apr 2022, 05:47 PM

পুরান ঢাকার বকশীবাজারে ঢাকার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিশেষ এজলাসে প্রতিদিন সকাল ১১টায় কার্যক্রম শুরু হয়।

সে অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টায়  বিএনপি চেয়ারপারসন আদালতে উপস্থিত হয়েছিলেন। কিন্তু আদালতের কার্যক্রম শুরু হয় দুপুর ২টায়।

খালেদার অন্যতম আইনজীবী নূরুজ্জামান তপন সাংবাদিকদের বলেন, “জিয়া এতিমখানা ও জিয়া দাতব্য  ট্রাস্ট মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন সকালে নির্ধারিত সময়ে আদালতে পৌঁছান। এরপর তিনি জানতে পারেন, আজ আদালত বসেছে দুপুর ২টায় বসবে।”

খালেদা জিয়ার আইনজীবী, সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, “আমরা জানি যে ১১টায় কোর্ট বসবে। কিন্তু এখানে এসে শুনি কোর্ট বসবে দুপুর ২টায়। এ বিষয়টি আমাদেরকে আগে জানানো হয়নি।”

আদালতের কর্মচারীরা জানান, গত বছর যে ৭৩ জন  আইনজীবী মারা গেছেন, কোর্ট কাচারী এলাকায় জেলা জজ কোর্ট প্রাঙ্গণে তাদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে বলে আদালত বসার সময় পেছানো হয়।

মামলাকারী দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজলও বলেন, “আজ যে আদালত দুপুরে বসবে, সে তথ্য আমাদের কাছে ছিল না।”

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, এদিন সব জজ আদালতের বিচার কার্যক্রমই দুপুর ২টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

তবে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার কার্যক্রম বেলা ১২টা থেকে শুরু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই কোর্ট হয়ত এ নোটিসটি পায়নি। তাই তারা কার্যক্রম চালাচ্ছেন।”

জিয়া এতিমখানা ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন গত সপ্তাহেই শেষ হয়।

এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার আসামি শরফুদ্দিন আহমেদ খানের পক্ষে যুক্তিতর্ক শুনানি চলছে এখন।

পুরনো খবর:

শুনানি পেছায়নি বলে আদালতে যাবেন খালেদা