২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে সংবিধান মেনেই নির্বাচনে আসতে হবে: আনিসুল

বিএনপিকে সংবিধান মেনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দলটিকে নির্বাচনে আনতে সংবিধান সংশোধন আনার কোনো প্রশ্নই ওঠে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2017, 06:56 PM

Updated : 19 Aug 2022, 06:08 PM

শনিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে সংবিধান সংশোধন বা নতুন আইন করে বিএনপিকে নির্বাচনে আনার বিষয়টি নাকচ করে একথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, “সংবিধানের কোনো পরিবর্তন ছাড়াই নির্বাচন হবে। বিএনপি যদি নির্বাচনে আসতে চায়, তাহলে বাংলাদেশের সংবিধান ও আইন মেনে নির্বাচনে আসতে হবে। নতুন আইন করে তাদেরকে নির্বাচনে আনার কোনো প্রশ্নই ওঠে না।”

সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পঞ্চদশ সংশোধনীতে বাতিলের পর সেটি পুনর্বহালের দাবিতে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি।

সেই নির্বাচনের আগে-পরে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ভোটের দাবিতে সরকারবিরোধী আন্দোলন করা দলটি এবার একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসছে।

এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই, ১৯৭২ সালে ৪ নভেম্বর বঙ্গবন্ধু গণপরিষদে দাঁড়িয়ে আমাদের যে সংবিধান দিয়ে গেছেন, সেই সংবিধানের কোনো পরিবর্তন ছাড়াই নির্বাচন হবে। নির্বাচন করবে নির্বাচন কমিশন। আর সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা দায়িত্বে থাকবেন।

“এর কোনো ব্যত্যয় ঘটবে না। তার কারণ হচ্ছে, আমাদের সংবিধান এটাই বলছে। সংবিধানমাফিক কাজ হবে। সংবিধান নিয়ে যারা ফুটবল খেলেছিল, যারা বাংলাদেশকে পাকিস্তান করার চেষ্টা করেছিল, তাদের কোনো কথা, কোনো দাবি আর মানা হবে না।”

বাংলাদেশ দলিল লেখক সমিতির কাউন্সিল উপলক্ষে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সরকারি প্রতিষ্ঠানের মতো দলিল লেখকদের বয়সসীমা ৬৫ বছর নির্ধারণকে ‘অনভিপ্রেত’ ও ‘অযৌক্তিক’ আখ্যায়িত করে আইনমন্ত্রীর কাছে তা তুলে নেওয়ার দাবি জানান দলিল লেখক সমিতির সভাপতি নুরুল আলম ভূঁইয়া

তিনি বলেন, “কোনো পেশাজীবীর বয়সসীমা সরকার নির্ধারণ করে দিতে পারে না। সাংবাদিক, আইনজীবী, চিকিৎসকের কোনো বয়সসীমা নির্ধারণ করা নেই। তাহলে দলিল লেখকদের বয়সসীমা নির্ধারণ করে দেওয়া থাকবে কেন?”

২০১৪ সালের ২৬ অক্টোবর এসআরও (স্ট্যাটিচুরি রেগুলেটরি অর্ডার) জারি করে দলিল লেখকদের পেশাগত বয়সসীমা ৬৫ বছর করা হয়। এর আগে ২০০৩ সালের ২৭ মে একইরকম এসআরও জারি করা হলে এর বিরুদ্ধে হাই কোর্টে রিট করে দলিল লেখক সমিতি।

আদালত ওই এসআরও স্থগিত করার পাশাপাশি রুল জারি করেছিল।

দলিল লেখকদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, “৬৫ বছর বয়সের শেকল দিয়ে আপনাদের বাঁধা হয়েছিল। আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা দিচ্ছি, আজকে থেকে সেই ৬৫ বছরের শেকল থাকবে না। সেই জন্য আগামীকাল রোববার পত্র জারি করা হবে। প্রত্যেক সাবরেজিস্ট্রি অফিসে এই পত্র যাবে। তাৎক্ষণিকভাবে এটা জারি হবে।”

বাংলাদেশ দলিল লেখক সমিতির কাউন্সিলে চতুর্থবারের মত সভাপতি নির্বাচিত হন নূর আলম ভূঁইয়া। সাধারণ সম্পাদক হয়েছেন মো. জোবায়ের আহমেদ।