নিত্যপণ্যের বাজার সহনীয় করতে তাগিদ ১৪ দলের
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির রাশ টানতে পদক্ষেপ নিতে সরকারকে তাগিদ দিয়েছে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট।
মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)
জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলোচনা হয়েছে।
“১৪ দল মনে করে, টিসিবির কার্যক্রম জোরদার করা উচিৎ। বাজার মনিটরিং বাড়াতে হবে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, “যে কোনোভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে হবে।”
এই দুই মন্ত্রী বিদ্যুতের দাম এবং গণপরিবহনের ভাড়াও না বাড়ানোর আহ্বান জানান।
রোহিঙ্গা প্রত্যাবাসনে সাড়া না দেওয়ার জন্য মিয়ানমারের নেত্রী অং সান সু চির সমালোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম।
তিনি বলেন, “সু চি শুরু থেকেই দ্বিচারিতা দেখিয়েছেন। তিনি মিথ্যাচার করেছেন।”
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সরকারের নানা তৎপরতা তুলে ধরে নাসিম বলেন, “বিষয়টি পুরোপুরি সু চির উপর নির্ভরশীল। তিনি চাইলেই রোহিঙ্গারা ফেরত যেতে পারে।”
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল হিসেবে ইউনেসকোর স্বীকৃতি পাওয়ায় বিশাল সমাবেশের মাধ্যমে তা উদযাপন করার সিদ্ধান্ত ১৪ দলীয় জোট নিয়েছে।
নাসিম বলেন, “১৪ দলের নেতাদের দাবি, এই ভাষণটি বিভিন্ন ভাষায় অনুবাদ করে সারা দুনিয়ার প্রচার কারতে হবে। এই ভাষণটি সারা দুনিয়ার মুক্তিকামী ও স্বাধীনতাকামী মানুষদের বার বার অনুপ্রাণিত করবে।”
সংবাদ সম্মেলনে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।
