২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুল অবাক

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা এবং বোমা বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের মামলায় বিএনপি নেতা-কর্মীদের আসামি করায় ক্ষোভ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2017, 07:37 PM

Updated : 19 Aug 2022, 05:53 PM

বিএনপি নেতা-কর্মীদের আসামি করাকে ক্ষমতাসীনদের ‘স্বভাব দোষ’ হিসেবে দেখলেও তিনি ‘অবাক’ হয়েছেন গাড়িবহরে আক্রান্ত সাংবাদিকদের আসামি না করায়।

রোহিঙ্গাদের ত্রাণ দিতে কক্সবাজারে যাওয়ার পথে গত শনিবার ফেনীতে হামলার শিকার হয় বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর। হামলাকারী যুবকরা গণমাধ্যমের কয়েকটি গাড়ি ভাংচুরের পাশাপাশি কয়েকজন সাংবাদিককে মারধর করেন।

খালেদা ফেরার পথে গত মঙ্গলবার আবার গাড়িবহর ফেনী অতিক্রমের সময় মহিপালে কয়েকটি হাতবোমা বিস্ফোরণ এবং দুটি বাসে আগুন দেওয়া হয়।

এই দুই ঘটনার জন্য আওয়ামী লীগ-বিএনপি পরস্পরকে দোষারোপের মধ্যে বুধবার ফেনী পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে, তাতে বিএনপি নেতা-কর্মীদের আসামি করা হয়।

এই মামলার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, “এটা (মামলা) ওদের (আওয়ামী লীগ) স্বভাব। নিজেরা ঘটাবে উল্টো এখন …… ।

“আপনাদের (গণমাধ্যম) বিরুদ্ধে মামলা হয়নি !আমি তো অবাক হচ্ছি এখন। কারণ আপনাদের গাড়ি-ঘোড়া ভাঙলো, আপনাদেরকে মারলো। তা আপনাদের বিরুদ্ধে তো মামলা হওয়া উচিৎ ছিল, তাই না?”

ফেনীর ঘটনার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “ফেনীতে কী ঘটেছে, না ঘটেছে, আপনার নিজেরাই ছিলেন। আমি অন্য কারও কথা বলতে চাই না। ইউ আর দ্য ভিকটিম।

“আমাদের দেশের সাংবাদিকরা ভিকটিম হয়েছে। তারা জানেন যে, কারা এটা ঘটিয়েছে। আজকে সংবাদ মাধ্যমে নাম দিয়ে, ছবি দিয়ে, ঠিকানা দিয়ে সব এসে গেছে যে কারা ওই ঘটনা ঘটিয়েছে।”

এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা সরকারের উচিৎ ছিল বলে মন্তব্য করেন ফখরুল।

“তারা যে চিরাচরিত অন্ধকার পথ, সেই পথ থেকে বেরুতে পারেননি। তারা এখন মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”

Image
খালেদা জিয়া যাওয়ার পথে ফেনীতে হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি

খালেদা জিয়া যাওয়ার পথে ফেনীতে হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি

Image
ফেরার পথে গাড়িবহর অতিক্রমের সময় ফেনীতে বাসে অগ্নিসংযোগ

ফেরার পথে গাড়িবহর অতিক্রমের সময় ফেনীতে বাসে অগ্নিসংযোগ

বিএনপির সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, “আমরা তার (ওবায়দুল কাদের) বক্তব্য থেকে এটাই বুঝি তারা (আওয়ামী লীগ) আসলে গণতন্ত্র চায় না। এটা আবার প্রমাণিত হচ্ছে এই কথার মধ্য দিয়ে।

“আওয়ামী লীগ যদি গণতন্ত্র চাইত, তাহলে তাহলে তারা অবিলম্বে বিরোধীগুলোর সঙ্গে আলোচনায় বসত এবং একটা পথ বের করতে পারত।”

বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমরা সংঘাত চাই না। আমরা বার বার একই সংঘাতের মধ্যে পড়ে জাতিকে বিভ্রান্ত করতে চাই না।

“আমরা একটা সমঝোতা ও আলোচনার মধ্য দিয়ে, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, জনগণের আশা-আকাঙ্ক্ষা যেন পূরণ হয়, এই ধরনের একটি সরকার গঠন করার জন্য একটা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আমরা চেয়েছি।”

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, হাবিব উন নবী খান সোহেলও মহাসচিব ফখরুলের সঙ্গে ছিলেন।

পুরনো খবর:

খালেদার বহরে হামলা: ছাত্রলীগ নেতা গিয়েছিলেন ‘যানজট সরাতে’
বিএনপির চক্রান্ত অডিওতে ফাঁস: হানিফ
বিএনপি নেতা শাহাদাত বললেন, ওই শাহাদাত আমি না