মানহানি: খালেদার বিরুদ্ধে মামলায় প্রতিবেদন পেছাল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির একটি মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে গেছে।
ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক প্রতিবেদন দাখিলের জন্য ২৬ অক্টোবর নতুন তারিখ রেখেছেন।
এ নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কর্মকর্তাকে ২১ বার সময় দেওয়া হল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মামলার বাদী জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় খালেদা মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, “আজকে বলা হয়, এতো লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।”
এরপর ২৫ ডিসেম্বর খালেদার ওই বক্তব্যে সমর্থন জানিয়ে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা জরিপ করে দেখতে বলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। একাত্তরে শহীদ বুদ্ধিজীবীরা ‘নির্বোধের মতো মরেছে’ বলেও মন্তব্য করেন তিনি।
তাদের এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া হয়। বক্তব্য প্রত্যাহার করে খালেদাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
এরপর ২০১৬ সালের ৫ জানুয়ারি মানহানির অভিযোগ এনে খালেদা জিয়া ও গয়েশ্বরের বিরুদ্ধে আদালতে এই মামলার আরজি দাখিল করেন এ বি সিদ্দিকী।
