ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নজিবুল্লা সরদারের মৃত্যু
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নজিবুল্লা সরদার মারা গেছেন।
ক্যান্সার আক্রান্ত আওয়ামী লীগের এই প্রবীণ নেতা মঙ্গলবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমাদের সবার প্রিয় নজিবুল্লা সরদার ভাই।”
নজিবুল্লা সর্দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “তার মৃত্যুতে আওয়ামী লীগ নিবেদিতপ্রাণ বঙ্গবন্ধুর এক সৈনিককে হারালো।”
প্রধানমন্ত্রী প্রয়াত এই নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
বুধবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদে প্রথম ও আসরের পর কমলাপুর স্টেডিয়ামে নজিবুল্লা সরদারের দ্বিতীয় জানাজার পর মুগদাপাড়ার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে শাহে আলম মুরাদ জানিয়েছেন।
