২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কের চিত্র আর মন্ত্রীর কথা বিপরীত: রিজভী

ঈদযাত্রা নির্বিঘ্ন বলে সড়ক পরিবহনমন্ত্রী দাবি করলেও তার সঙ্গে মহাসড়কের চিত্রের কোনো মিল নেই বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2017, 07:34 PM

Updated : 19 Aug 2022, 05:27 PM

ঈদের আগের দিন তিনি শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেছেন, “টাঙ্গাইল থেকে উত্তরবঙ্গ যাওয়ার পথে ৫০ কিলোমিটার যানজট। কুমিল্লা-চট্টগ্রাম রোডে ৪০-৪২ কিলোমিটার যানজট। মানুষের কী দুর্ভোগ! আমার বোনরা গেছেন দুই দিন আগে বগুড়ায়, যেখানে লাগে ৪ ঘণ্টা, সেখানে লেগেছে ২২ ঘণ্টা।

“আর সেতুমন্ত্রী বলছেন যে, সব নির্বিঘ্নে চলাচল করছে। অবলীলাক্রমে মিথ্যা অবিরামভাবে বলে যাচ্ছেন তিনি। এটাই হচ্ছে আওয়ামী লীগ।”

“ওরা (আওয়ামী লীগ) যেটা বলবে, তার বিপরীতটা বিশ্বাস করবে জনগণ, জনগণ তাই করছে,” বলেন রিজভী।

জাতীয় প্রেস ক্লাবে জাসাসের উদ্যোগে সদ্য প্রয়াত নায়করাজ রাজ্জাক ও কণ্ঠশিল্পী আবদুল জব্বারের স্মরণে আলোচনা সভায় একথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা জব্বারের চিকিৎসায় সরকার যথাযথ উদ্যোগ নেয়নি বলে দাবি করেন রিজভী।

“তিনি আজ আড়ালে অবহেলায় ঝড়ে গেলেন। কেন? হয়ত কোথাও একটা বিনাতার ছিন্ন হয়ে গেছে সরকারের সঙ্গে। সরকার তাকে পছন্দ করেননি।”

জিয়াউর রহমান মারা যাওয়ার দিন ছাত্রদলের পূর্ব নির্ধারিত এক অনুষ্ঠানে আবদুল জব্বারের অংশ নেওয়ার কথা জানিয়ে ছাত্রদলের সাবেক সভাপতি রিজভী বলেন, “আমাদের কনফারেন্স বন্ধ হয়ে গেল। ওই কনফারেন্সের পর সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তিনি(আবদুল জব্বার) একটা গান গাইলেন জিয়াউর রহমানকে উদ্দেশ্য করে- তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা। এর কারণে কি আবদুল জব্বারকে অবহেলায় চিকিৎসা না পেয়ে পৃথিবী থেকে চলে যেতে হল?”

আওয়ামী লীগ নানা বিভাজন তৈরি করে দেশ পরিচালনা করতে চাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা।

জাসাস সভাপতি অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জাকির হোসেন রোকনের পরিচালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য গাজী মাজহারুল আনোয়ার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বল, জাসাস সাধারণ সম্পাদক হেলাল খান, সহসভাপতি শাহরিয়ার ইসলাম শায়লা, মহানগর জাসাসের নেতা আমির হোসেন বাবু, রফিকুল ইসলাম স্বপন বক্তব্য রাখেন।