২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের দিনও বন্যার্তদের ত্রাণ দেবে বিএনপি

ঈদের দিনও বানভাসি মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 03:44 PM

Updated : 19 Aug 2022, 05:27 PM

বুধবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির প্রধান সমন্বয়কারী দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান একথা জানান।

তিনি বলেন, “ঈদের সময় সমাগত। ঈদের দিনও আমাদের ত্রাণ কার্য্ক্রম চলবে। আমি দলের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আবেদন জানাচ্ছি, যারা কোরবানি দেবেন- তারা ধর্মীয় নিয়মে আপনাদের ভাগের অংশ বানভাসিদের মধ্যে বিতরণ করুন। তাদের সাথে শেয়ার করুন।”

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই ব্রিফিং হয়।

এতে বন্যার্তদের জন্য শিগগিরই পুনর্বাসন প্রকল্প শুরু করার কথা জানিয়ে নোমান বলেন, “আমরা বানভাসিদের হাঁস-মুরগি দেব। বিনাশ্রমে কিছু কিছু এলাকায় ভেঙে যাওয়া রাস্তাঘাট চিহ্নিত করে তা সংস্কার করব, ঘর নির্মাণেও সহযোগিতা করব। কৃষকদের জন্য ধানের বীজও সরবারহ করব।”

Image
দিনাজপুরে পুণর্ভবা নদীর পানি বাড়ার পর দুর্ভোগে আশপাশের বাসিন্দারা। ছবিটি গত ১৩ অগাস্ট তোলা।

দিনাজপুরে পুণর্ভবা নদীর পানি বাড়ার পর দুর্ভোগে আশপাশের বাসিন্দারা। ছবিটি গত ১৩ অগাস্ট তোলা।

সরকারের ত্রাণ সামগ্রী বিতরণে দৃশ্যমান কোনো উন্নতি নেই অভিযোগ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, “এই বানভাসি মানুষের জন্য সরকারের কোনো দায়বদ্ধতা আছে, সেটা মনে হয় না। কারণ কোনো জায়গায় আমরা সরকারকে ত্রাণ বিতরণে দেখি নাই।

“উপরন্তু সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন অনেক চাঁদা তুলেছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি কোটি টাকা প্রত্যেক দিন তারা নিচ্ছে। অথচ তার যে ব্যবহার… বানভাসিদের জন্য, সেটা দেখা যাচ্ছে না, সেটা আমরা পাই নাই।”

যুক্তরাজ্যে অবস্থানরত দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নির্দেশনায় সারা দেশে নেতা-কর্মীরা বানভাসি মানুষের পাশে থাকবে বলে জানান নোমান।

পরে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটিতে গাজীপুরের কালিগঞ্জ থেকে নাম প্রকাশ না করার শর্তে একজনের দেওয়া নগদ একলাখ টাকা কমিটির প্রধান সমন্বয়কারীর হাতে তুলে দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।

সংবাদ ব্রিফিংয়ে কেন্দ্রীয় ত্রাণ কমিটির সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাখাওয়াত হোসেন জীবন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সহ সম্পাদক নেওয়াজ হালিমা আরলী উপস্থিত ছিলেন।