২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি সিনহাকে নিয়ে গুঞ্জন বিএনপিই ছড়াচ্ছে: কাদের

প্রধান বিচারপতির পদ থেকে বিচারপতি এস কে সিনহাকে সরানোর গুঞ্জন ছড়ানোর জন্য বিএনপিকেই দায়ী করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2017, 10:33 PM

Updated : 19 Aug 2022, 05:21 PM

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের মধ্য থেকে প্রধান বিচারপতির পদত্যাগের দাবি ওঠার পর বিএনপি নেতা রুহুল কবির রিজভী বুধবার দুপুরে বলেছিলেন, বিচারপতি সিনহাকে ‘অসুস্থ বানিয়ে’ সরানোর গুঞ্জন চলছে জনগণের মধ্যে।

তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রাতে শিল্পকলা একাডেমিতে দলের এক আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, “বাংলাদেশ এখন গুজব-গুঞ্জনের কারখানা। গুজব-গুঞ্জনে বাংলাদেশের বাতাস এখন ভারী। সর্বশেষ গুজব হল প্রধান বিচারপতিকে অসুস্থ বানিয়ে সরিয়ে দিচ্ছে আওয়ামী লীগ।

“এটা স্রেফ গুজব, স্রেফ গুঞ্জন। এর প্রডিউসার বিএনপি, ডিরেক্টর বিএনপি, ডিস্ট্রিবিউটর বিএনপি। তারা দিশেহারা হয়ে আবোল-তাবোল বকছে। গুজবের পর গুজব ছড়াচ্ছে।”

বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফেরত নিতে সংবিধানের ষোড়শ সংশোধন আনা হয়েছিল, যা সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরিয়ে এনেছে।

জিয়াউর রহমান আমলে প্রতিষ্ঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠার এই রায়কে ঐতিহাসিক বলছে বিএনপি। রায় বদলাতে সরকার বিচার বিভাগকে চাপ দিচ্ছে বলেও তাদের অভিযোগ।

অন্যদিকে এই রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি সিনহা বাংলাদেশের রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন; যা ক্ষুব্ধ করেছে আওয়ামী লীগকে।

পর্যবেক্ষণে ‘বঙ্গবন্ধুকে কটাক্ষ ও অবমূল্যায়ন করা হয়েছে’ অভিযোগ তুলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারি দলের নেতারা কড়া সমালোচনা করছেন প্রধান বিচারপতি সিনহার।

Image
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

ওবায়দুল কাদের (ফাইল ছবি)

জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির ‘তুমি আছো বাংলার হৃদয়জুড়ে’ শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, প্রধান বিচারপতিকে সরানোর কোনো চিন্তা তাদের নেই।

“এসব গুজবের সাথে আমাদের চিন্তার কোনো মিল নেই। আওয়ামী লীগ বিএনপি নয়, আমরা ষড়যন্ত্র চক্রান্ত করি না, চক্রান্তের শিকার হই।”

বিচারপতি সিনহার রায়ের পর্যবেক্ষণে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতা দখল অবৈধ ঘোষণার বিষয়ে বিএনপির নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

“এই নীরবতাই সম্মতির লক্ষণ। তারা মেনেই নিয়েছে তখনকার মেজর জিয়ার ক্ষমতা দখল অবৈধ।”

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন আদালতের রায় নিয়ে ‘রাজনীতি’ করছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু স্মরণে এই আলোচনা সভায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী' থেকে পাঠ করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। আবৃত্তি করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ভাস্বর বন্দোপদ্যায়, হাসান আরিফ, শিমুল মুস্তফা। গান গেয়ে শোনার রেজওয়ানা চৌধুরী বন্যা, সুজিত মোস্তফা, ফেরদৌস ওয়াহিদ।

পুরনো খবর:

প্রধান বিচারপতিকে ‘অসুস্থ বানিয়ে’ সরানোর গুঞ্জন শুনছেন রিজভী