২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু খুনের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা: পলক

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে চেয়েছিল খুনিরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2017, 10:11 PM

Updated : 11 Oct 2022, 02:24 PM

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মিলনায়তনে বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

পলক বলেন, “১৯৭৫ সালের ১৫ অগাস্ট ঘাতকদল শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারেই হত্যা করেনি, ওরা হত্যা করেছিল পুরো বাঙালি জাতিকে, মুক্তিযুদ্ধের চেতনাকে, পৃথিবীর সকল মুক্তিকামী মানুষের অনুপ্রেরণাকে। তাই এই দিনটি সারাবিশ্বের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়।”

পঁচাত্তর পরব্তী সরকারগুলোর বঙ্গবন্ধু হত্যার বিচারে বাধা সৃষ্টি এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “কিন্তু বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সমার্থক বলেই আজ নতুন প্রজন্ম সত্য জানছে। সত্যকে ঢেকে রাখা যায় না। কারণ, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু।”

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সবাইকে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানান পলক।

“বঙ্গবন্ধু আমাদেরকে রাজনৈতিক মুক্তি দিয়ে গেলেও অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে পারেননি। কিন্তু তারই কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে সেই অর্থনৈতিক মুক্তির জন্য দিন-রাত পরিশ্রম করে চলেছেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কাজ করে চলেছেন।”

সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব সুবীর কিশোর চৌধুরী বলেন, ১৯৪৭ সাল থেকে ৭১ সাল, এই দীর্ঘ ২৩ বছর সময়ের মধ্যে বঙ্গবন্ধু ১৩ বছর কারান্তরীণ ছিলেন। ফলে মাত্র ১০ বছরের মধ্যে তিনি পুরো জাতিকে সংঘবদ্ধ করে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন এবং দেশবাসী তার ডাকে সাড়া দিয়ে আমাদেরকে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছিলেন। 

অনুষ্ঠানে সার্টিফাইং অথরিটির নিয়ন্ত্রক আবুল মানসুর মোহাম্মদ সারফ্ উদ্দীন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক, হাইটেক পার্কের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সুশান্ত কুমার সাহা, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার বক্তব্য রাখেন।