সাংবিধানিক সরকারের অধীনে ভোটে যাবে জাতীয় পার্টি: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, সাংবিধানিক সরকারের অধীনেই সামনের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে তার দল।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের এক সভায় তিনি বলেন, “অতীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব সময় জাতীয় পার্টি নিগৃহীত হয়েছে। সাংবিধানিক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগ, বিএনপির দুঃশাসন থেকে মুক্তি পেতে মানুষ আমাদের ভোট দেবে।”
সাবেক সামরিক শাসক এরশাদের মতে, আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায়, মানুষের জানমালের নিরাপত্তা দিতে ‘ব্যর্থ হয়েছে’।
“চারিদিকে দুর্নীতি-সন্ত্রাস। ব্যাংকের টাকা লুট হচ্ছে অথচ সরকার কিছু বলছে না। ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে গেছে। কোথাও শান্তি নেই। এর থেকে মানুষকে বাঁচাতে হবে। জাতীয় পার্টিই পারে মানুষকে বাঁচাতে।”
আগামী নভেম্বরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার পরিকল্পনার কথা জানান জাতীয় পার্টি প্রধান।
সভায় অন্যদের মধ্যে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
