বিএনপি নাই বলে সংসদ সম্পর্কে বিরূপ ধারণায় বদল: হাসিনা
বিএনপির অনুপস্থিতিতে আইনসভায় কার্যকর বিরোধী দল নেই বলে সমালোচনা থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওই দলটি না থাকায় জাতীয় সংসদ সম্পর্কে মানুষের বিরূপ ধারণায় পরিবর্তন এসেছে।
যুব মহিলা লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার গণভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “যতদিন বিএনপি পার্লামেন্টে ছিল, যে সমস্ত নোংরা ভাষা, যে সমস্ত খিস্তি-খেউর তারা করত-এটা কোনো ভদ্র মানুষ শুনতে পারত না।
“অন্তত এটুকু বলতে পারি- ২০১৪ তে তারা নির্বাচনে আসেনি, আজকে ২০১৭ তে যারা বিরোধী দলে আছে, অন্তত এ ধরনের নোংরা ভাষা কেউ ব্যবহার করে না।
“অন্তত পার্লামেন্ট সম্পর্কে মানুষের যে একটা বিরূপ মনোভাব গড়ে উঠত সেটার কিন্তু পরিবর্তন হয়েছে। যে তারা সমালোচনা করে গঠনমূলক এবং যে কোনো বিলের ওপর তারা বক্তব্য রাখে। একেবারে সংবিধানসম্মত ভদ্র ভাষা। অন্তত এটুকু সুফল দেশের মানুষ পাচ্ছে।”
জাতীয় পার্টি সংসদে নামে বিরোধী দল হিসেবে থাকলেও সেই দায়িত্ব তারা পালন করতে পারছে না বলে অভিমত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির। সুশাসনের জন্য নাগরিক-সুজনেরও তাদের সম্পর্কে একই মূল্যায়ন।
বক্তব্যে জাতীয় পার্টির সংসদ সদস্যদের প্রশংসা করেন শেখ হাসিনা।
পক্ষান্তরে বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আর এরা যে কাদের নিয়ে আসে আমি জানি না।”
“আমরা চাই একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা এদেশে অব্যাহত থাক,” বলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
দুর্নীতি মামলায় আদালতে হাজির না হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বারবার সময় চাওয়ার সমালোচনা করেন তিনি।
“কারণ জানে যে, এই চুরি করা টাকা ফেরৎ তো দেয়নি। কাজেই এতিমের টাকা মেরে খেয়েছে, তার শাস্তি কী হবে সে বোধ হয় নিজে উপলব্ধি করতে পারে বলেই কোর্ট থেকে পালিয়ে বেড়ায়-এমন একটা প্রবণতা। না হলে এতবার কেউ সময় নেয়? এভাবে নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছে। কোনো নিয়ম কানুন, কোনো আইন কিছুই মানতে চায় না, এটাই হল অবস্থা।”
দশম সংসদ নির্বাচন প্রতিহতের আন্দোলন এবং তার পরের বছর সরকারবিরোধী আন্দোলনে ‘নিরীহ মানুষ হত্যা, গাড়ি পোড়ানো ও অবকাঠামো ধ্বংসের জন্য’ বিএনপির সমালোচনা করেন সরকার প্রধান।
যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শেখ হাসিনা তার সরকারের সময় নারী উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
১৯৯৬ সালে তার নেতৃত্বে প্রথম সরকার গঠনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “তখন দেখলাম মেয়েদের স্থান কোথাও নাই। এমনকি পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে আসছে, কিন্তু প্রমোশন নেই। উচ্চ আদালতে কোনো নারী বিচারক ছিলেন না। ডিসি, এসপি, ওসি থেকে শুরু করে সচিব সর্বক্ষেত্রে প্রথম নারী আওয়ামী লীগ আমলে করা।”
তিনি জানান, ১৯৯৭ সালে প্রণীত নারী নীতিমালা ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে বাতিল করে দেয়। ২০১১ সালে তা আবার করার পর বাস্তবায়ন করছে আওয়ামী লীগ সরকার।
শেখ হাসিনা বলেন, তার সরকার আমলেই প্রথমবারের মতো সন্তানের পরিচয়ে বাবার সঙ্গে মায়ের নাম সংযুক্ত করা, ইউনিয়ন পরিষদে নারীদের জন্য কোটা সংরক্ষণ করা, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৩০ থেকে বাড়িয়ে ৫০ করা, প্রথম নারী সচিব, উপাচার্য, উপ-উপাচার্য করা, সেনা, নৌ, বিমান বাহিনীতে নারীদের অন্তর্ভুক্ত করা হয়।
“ঠিক এইভাবে প্রতিটি ক্ষেত্রে আমরা নারীর ক্ষমতায়নের বিষয় নিশ্চিত করি।”
নারী উন্নয়নে এসব অগ্রগতির কথা জনগনের সামনে তুলে ধরতে যুব মহিলা লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
২০০২ সালে আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালে সহযোগী এ সংগঠনটি আত্মপ্রকাশ করে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, “২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনীর মতো অত্যাচার শুরু করেছিল। বিএনপি-জামায়াতের ওই অত্যাচারের বিরুদ্ধে যুব মহিলা লীগ তখন মাঠে নেমেছিল। এজন্য তাদের অভিনন্দন।”
একইসঙ্গে সংগঠনকে আদর্শরূপে গড়ে তুলতে এবং নেতাকর্মীদের মানুষের জন্য কাজ করতে নির্দেশ দেন তিনি।
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল অনুষ্ঠানে বক্তব্য দেন।
