ক্ষমতায় যাওয়ার ‘সম্ভাবনা’ দেখছেন এরশাদ
আগামী নির্বাচনে জাতীয় পার্টির গুরুত্ব দলের নেতা-কর্মীদের সামনে তুলে ধরে তাদেরকে আরও তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
“আগামীতে জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়ার দ্বার উন্মোচিত হয়েছে। আমরা ঠিক মতো কাজ করতে পারলে ক্ষমতায় যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে,” বলেছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর গুলশানে ইমানুয়েল কনভেনশন সেন্টারে দলের ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেন গণঅভ্যূত্থানে ক্ষমতাচ্যুত সামরিক শাসক এরশাদ।
তিনি বলেন, “সংসদে আমরা আগে কথা বলতাম, সরকারের সব কাজে সমর্থন দিয়ে যেতাম। কিন্তু সম্মিলিত ঐক্যজোট গঠনের পর আমরা ঘুরে দাঁড়িয়েছি। মানুষ জাতীয় পার্টিকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে।”
চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান জেলায় সাম্প্রতিক পাহাড় ধ্স ও গাজীপুরে বয়লার বিস্ফোরণে প্রাণহানির নিয়ে হতাশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ।
তিনি বলেন, “আমার মনে হয় দেশটা অভিশপ্ত। শুধু মৃত্যুর খবর আর লাশের খবর। সুসংবাদ শোনা যাচ্ছে না কোথাও। দেশকে এই অভিশাপ থেকে বের করা দরকার। পরিবর্তন একমাত্র জাতীয় পার্টিই করতে পারবে।”
সভায় জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী উপস্থিত ছিলেন।
