বাজেট গণমুখী ও উন্নয়নমূলক: আ. লীগ
নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে গণমুখী ও উন্নয়নমূলক বলে দাবি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করার পর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এই প্রতিক্রিয়া জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বাজেট গণমুখী ও উন্নয়নমূলক। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার ক্ষেত্রে একটি যুগোপযোগী উন্নয়নমূলক বাজেট দেওয়া হয়েছে।
“দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করে তুলতে এই বাজেটে শিক্ষাখাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তোলার জন্য শিল্পখাতও অগ্রাধিকার পেয়েছে।”
মাহবুব-উল আলম হানিফ (ফাইল ছবি)
এই বাজেট দেশের সাধারণ জনগণের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা হানিফ।
তিনি বলেন, “এই বাজেট গত এক বছরের সফলতার ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমরা আশা করছি।”
নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবের পরপরই রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আনন্দ মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ।
