দুর্নীতির ২ মামলায় খালেদার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য
জিয়া এতিমখানা ট্রাস্ট এবং জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ৮ জুন দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
খালেদা জিয়ার আবেদনের প্রেক্ষাপটে বৃহস্পতিবার পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন বলে জানান খালেদার আইনজবীবী সানাউল্লাহ মিয়া।
এতিমখানা ট্রাস্ট ও দাতব্য ট্রাস্টের অর্থ দুনীর্তির অভিযোগ বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে ২০০৮ ও ২০১০ সালে এ দুই মামলা করে দুদক।
মামলা দুটিতে কয়েকদফা বিএনপি নেত্রীর আত্মপক্ষ সমর্থনের শুনানি পেছানো হয়। আসামিদের অনাস্থা প্রস্তাবে আদালত বদলও হয় কয়েক দফা।
সর্বশেষ বিএনপি নেত্রী খালেদার অনাস্থার পর উচ্চ আদালতের নির্দেশে গত ১৬ মে এ দুই মামলা ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালত থেকে বিশেষ জজ আদালত ৫ এর বিচারক মো. আখতারুজ্জামানের আদালতে স্থানান্তর করা হয়।
২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া এতিমখানা ট্রাস্টে দুর্নীতির মামলাটি করে দুদক।
এই মামলায় অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়উর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
মামলার প্রায় পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায় অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরুর নির্দেশ দেন।
এর মধ্যে ২০১০ সালের ৮ অগাস্ট জিয়া দাতব্য ট্রাস্টের নামে আসা ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা করে দুদক।
এ মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
এ মামলায় আসামির তালিকায় খালেদা জিয়া ছাড়া তার একান্ত রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিআইডব্লিউটিএয়ের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি হিসেবে রয়েছেন।
