২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে ধ্বংস করতে কাজের সুযোগ দিচ্ছে না সরকার: ফখরুল

একাদশ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করলেও দেশে এখনও নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলছেন দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2017, 05:12 PM

Updated : 11 Apr 2022, 11:40 PM

মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অপর্ণের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন ।

তিনি বলেন, “নির্বাচনের জন্য রোড থাকতে হবে, তারপরে না রোডম্যাপ। আমাদের কাছে রোডই নেই অর্থাৎ নির্বাচনের মতো পরিবেশ সৃষ্ট হয়নি এখন পর্যন্ত।

“এখানে বিরোধী দলের কথা বলার সুযোগ নেই, বিরোধী দলের কর্মকাণ্ড করার সুযোগ নেই, বিরোধী দলের নেতা-কর্মীদেরকে বিশেষ করে বিএনপির নেতা-কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে আটকিয়ে রাখা হয়েছে, কারাগারে নিক্ষেপ করা হয়েছে। এই একটা অসম পরিবেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।”

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ২৪ মে আগামী দেড় বছরের কাজের খসড়া সূচি (রোডম্যাপ) ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

২০১৯ সালের জানুয়ারির মধ্যে ভোট শেষ করতে এ বছরের জুলাই থেকে আগামী বছর ভোটের তফসিলের আগ পর্যন্ত সময়ের করণীয় ঠিক করা হয়েছে ওই রোডম্যাপে।

রোডম্যাপ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই, যেকোনো রোডম্যাপই আসুক না কেন- তার প্রথম শর্ত হচ্ছে যে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে, সকল দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে এবং সেই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে। তারপরই রোডম্যাপ নিয়ে কথা বলাটা সঙ্গত বলে আমরা মনে করি।”

সরকারের বিরুদ্ধে বিএনপিকে ধ্বংস করতে চাওয়ার চেষ্টার অভিযোগ আনেন তিনি।

ফখরুল বলেন, “সরকার বিএনপিকে আন্ডারমাইন্ড করার জন্য, বিএনপিকে কোনো সুযোগ না দিয়ে... বিএনপিকে নির্বাচনী প্রচারণার শুধু সুযোগ নয়, রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো সুযোগ দিচ্ছে না।

“গণতন্ত্রের যে নূ্যনতম বিষয়টা রয়েছে, গণতান্ত্রিক দলগুলোকে কাজ করার সুযোগ দিতে হবে। সেই কাজেরই তো সুযোগ নেই এখানে। এখানে একদলীয় শাসনব্যবস্থা একটা ভিন্ন মোড়কে স্থাপিত হয়ে গেছে।”

২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ওই নির্বাচন করা দলটির মহাসচিব।

গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশ থেকে যখন গণতন্ত্র হারিয়ে গেছে, মানুষের অধিকারকে হরণ করা হয়েছে, তখন জিয়াউর রহমানকে আমরা বার বার মনে করছি। তার আর্দশকে অনুসরণ করে আমরা সংগ্রামের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার গণতন্ত্র ফিরিয়ে আনব এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করব।”

পরে বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে নেতাকর্মীরা জিয়ার কবরে পুস্পস্তবক অপর্ণ করেন।

পুরনো খবর:

ভোটে পৌঁছাতে ইসির ‘রোডম্যাপ’