২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের প্রচার উপ-কমিটিতে সিআরআইয়ের ৪ জন

আওয়ামী লীগের প্রচার উপ-কমিটিতে স্থান পেয়েছে দলটির গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চার কর্মী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 05:24 PM

Updated : 19 Aug 2022, 04:32 PM

দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বুধবার এক বৈঠকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের উপস্থিতিতে ৩২ সদস্যের প্রচার উপ-কমিটিকে পরিচয় করিয়ে দেন প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের পর প্রথম প্রচার উপ-কমিটির নতুন সদস্যদের নিয়ে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক।

পরে সাংবাদিকদের হাছান মাহমুদ বলেন, “আমাদের দলের সভাপতি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামকে সভাপতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্যের একটি উপ-কমিটি করা হয়েছে।”

Image
হাছান মাহমুদ (ফাইল ছবি)

হাছান মাহমুদ (ফাইল ছবি)

এই প্রচার উপ কমিটিতে স্থান পেয়েছেন সিআরআইয়ের পরিচালক মু. আশরাফ সিদ্দিকী বিটু, যিনি সম্প্রতি প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ে সহকারী প্রেস সচিব হয়েছেন।

বঙ্গবন্ধু কন্যা শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি পরিচলিত সিআরআইয়ের আরও তিন জন প্রচার উপ কমিটির সদস্য হয়েছেন।

এরা হলেন সিআরআইয়ের নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস, সহকারী সমন্বয়ক প্রকৌশলী তন্ময় আহমেদ ও পলিসি অ্যানালিস্ট শাহ আলী ফরহাদ।