২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব ‘নিষিদ্ধ’র দাবি বিএনপির

এক যুগ আগে নিজেরা সরকারে থাকাকালে যে বাহিনী গড়ে তুলেছিলেন, সেই র‌্যাব বিলোপের দাবি তুলেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2017, 04:38 PM

Updated : 19 Aug 2022, 04:15 PM

তারা বলছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার এই এলিট বাহিনীকে ‘অন্ধকারের মৃত্যু পরোয়ানা নিয়ে ঘুরে বেড়ানো সংগঠনে’ পরিণত করেছে।

র‌্যাবের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সুইডিশ রেডিওতে একটির প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে র‌্যাব বিলোপের দাবি জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে ২০০৪ পুলিশের একটি বিশেষ বাহিনী হিসেবে র‌্যাব গঠন করে, যাতে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়।

সন্ত্রাস দমনের লক্ষ্যে এই বাহিনী গড়ে তোলার কথা তখন সরকারের পক্ষ থেকে বলা হলেও তখন আওয়ামী লীগ নেতারা অভিযোগ তুলেছিলেন, বিরোধী দল দমনে এই বাহিনীকে ব্যবহার করা হচ্ছে।

র‌্যাব গঠনের শুরু থেকে এই বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে আসছে দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলো। এই বাহিনী বিলোপের দাবিও জানিয়ে আসছেন তাদের কেউ কেউ।

র‌্যাব কীভাবে ‘ক্রসফায়ারের নামে’ মানুষ হত্যা করে, তা ওই বাহিনীর ‘উচ্চপদস্থ এক কর্মকর্তার’ ভাষ্যে সম্প্রতি সুইডিশ রেডিওতে প্রচারিত হয়।

তা নিয়ে নতুন করে আলোচনার মধ্যে বিএনপি আবারও এই বাহিনীকে বিলুপ্ত করার দাবি তুলল।

রিজভী বলেন, “সুইডিশ রেডিওতে র‌্যাবের গুপ্তহত্যার রোমহর্ষক বর্ণনা ফাঁস হয়ে যাওয়াতে এদের কর্মকাণ্ডের বীভৎসরূপ এখন শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মানুষের বিবেককে প্রবলভাবে নাড়া দিয়েছে। বিরোধী দল দমনে র‌্যাবের অমানবিক নৃশংসতার ঘটনা আজ মানুষের মুখে মুখে।

“র‌্যাবকে যেন অন্ধকারের মৃত্যু পরোয়ানা নিয়ে ঘুরে বেড়ানোর সংগঠনের পরিণত করেছে এই সরকার। আমি আবারও র‌্যাবকে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি।”

র‌্যাবকে বিরোধী দল দমনে ব্যবহারের অভিযোগ তুলে দলীয় নেতা ইলিয়াস আলী,সাইফুল ইসলাম হীরু, হুমায়ুন কবীর পারভেজ, চৌধুরী আলম গুম হওয়ার জন্য এই বাহিনীকে দায়ী করেন বিএনপি নেতা রিজভী।

তিনি বলেন, “র‌্যাবের মতো একটি খুনে বাহিনী ব্যবহার করেই প্রধানমন্ত্রী বিরোধী দলকে দমন করেন এবং জনগণকে চোখ রাঙিয়ে কথা বলেন।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে বিরোধী দল দমনে ব্যবহারের অভিযোগ তোলেন।

তিনি বলেন, “এরা শুধু গুম-খুন চালিয়ে যাচ্ছে না, এরা বিচারের আওতার বাইরে থেকে যাচ্ছে।”

‘জঙ্গিবাদে আওয়ামী লীগ’

জঙ্গিদের পৃষ্ঠপোষকতার জন্য বিএনপিকে দায়ী করে প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যের জবাবে ময়মনসিংহে ছাত্রলীগের এক নেতার জঙ্গিবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়ার তথ্য তুলে ধরেন রিজভী।

Image
রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

তিনি বলেন, “এই জঙ্গিদের সাথে শাসক দলের সংশ্লিষ্টতা হতবাক করেছে।

“প্রথম থেকে আমরা বলে আসছি, যখনই জঙ্গিবাদের বড় ধরনের নারকীয় ঘটনা ঘটছে, সেখানে প্রধান হোতা অথবা অন্য যারা সঙ্গীরা আছেন, তারা শাসক দলের সাথে কোনো না কোনোভাবে জড়িত।”

জেএমবি নেতা ফাঁসির দণ্ডে দণ্ডিত শায়খ আবদুল রহমানের সঙ্গে আওয়ামী লীগ নেতা মির্জা আজমের আত্মীয়তার সম্পর্ক তুলে ধরেন বিএনপি নেতা।

“শায়খ আবদুর রহমান হচ্ছেন আওয়ামী লীগের একজন মন্ত্রীর ভগ্নিপতি। হলি আর্টিজেন রেস্তোরাঁর ঘটনায় যেমন আওয়ামী লীগের এক থানার প্রচার সম্পাদকের ছেলে রয়েছে।”

“ঠিক তেমনিভাবে গত কয়েকদিন আগে ময়মনসিংহে যে জঙ্গিদের ধরা হয়েছে তাদের মধ্যে ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি আল আমীনসহ আরও দুজন আওয়ামী পরিবারের সদস্য। যে ভবন থেকে তাদের ধরা হয়েছে, সেটি আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি।”

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, আবু নাসের মো. রহমাতুল্লাহ উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

সুইডিশ রেডিওতে ‘র‌্যাব কর্মকর্তার বয়ানে’ ক্রসফায়ারের ব্যবচ্ছেদ