২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলনেতা নুরুর গায়েবানা জানাজা ঢাকায়

চট্টগ্রামের কর্ণফুলীর তীরে পাওয়া ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নুরুল আলম নুরুর লাশের জানাজা হয়েছে ঢাকায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2017, 06:54 PM

Updated : 11 Oct 2022, 01:42 PM

পুরনো খবর:

নুরু হত্যা: চট্টগ্রামে হরতাল ডেকেছে ছাত্রদল

শুক্রবার বাদ আসর রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

বিএনপির আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদারসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দসহ কয়েকশ নেতা-কর্মী এতে অংশ নেন। এর পর ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।

জানাজার আগে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান বক্তব্য দেন।

বুধবার রাত ১২টার দিকে পুলিশ পরিচয়ে চট্টগ্রাম নগরীর চন্দনপুরার বাসা থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক নুরুল আলম নুরুকে তুলে নেওয়া হয়েছিল বলে স্বজনদের ভাষ্য। পরদিন দুপুরে রাউজানের বাগোয়ান এলাকায় কর্ণফুলী নদীর পাড়ে হাত-মুখ বাঁধা অবস্থায় নুরুর লাশ পাওয়ার কথা জানায় পুলিশ।

বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের অভিযোগ, ‘পুলিশই ধরে নিয়ে’ নুরুকে হত্যা করেছে।

নুরু হত্যার প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও জেলা এবং রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় হরতাল ডেকেছে বিএনপি।