২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে ইউরোপিয়ান পার্লামেন্ট প্রতিনিধিদল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রাতে বৈঠক করেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের একটি প্রতিনিধিদল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2017, 09:17 PM

Updated : 19 Aug 2022, 04:10 PM

বুধবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আর্নে লিৎজ।

ঘণ্টাব্যাপী বৈঠকের পর লিৎজ সাংবাদিকদের বলেন, “আমরা বাংলাদেশে গণতন্ত্র, নির্বাচন ও মাল্টি পার্টি ডেমোক্রেসির বিষয়াদি নিয়ে মতবিনিময় করেছি।”

বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করা হয়নি। তবে নেতাদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার পরিস্থিতি, গণতান্ত্রিক অবস্থা, আগামী নির্বাচন এবং পোশাক শিল্পের বর্তমান অবস্থা ও শ্রমিকদের অধিকারের বিষয় নিয়ে কথা হয়েছে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান ও পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।

বৈঠকে ঢাকায় ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়েদুনও ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে প্রতিনিধিদলটি। চেয়ারপারসন ওই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলেও জানান তিনি।

গত সোমবার তিনদিনের সফরে প্রতিনিধিদলটি ঢাকায় আসে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করেছেন।