২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন জোট গঠনে ১৫টি দলের সঙ্গে এরশাদের বৈঠক

নতুন রাজনৈতিক জোট করতে ১৫টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2017, 04:56 PM

Updated : 19 Aug 2022, 03:57 PM

মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক হয় বলে জানিয়েছেন সুনীল শুভ রায়।

জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল নতুন জোট গঠনের প্রধান সমন্বয়কের দায়িত্বও পালন করছেন।

এরশাদ যে দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন, সেই দলগুলোর অধিকাংশই রাজনীতির মাঠে অচেনা।

দলগুলো হল- বাংলাদেশ লেবার পার্টি, আমজনতা পার্টি, গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টি, আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ইসলামী ডেমোক্রেটিক পার্টি, কৃষক শ্রমিক পার্টি, ইউনাইটেড মুসলিম লীগ, গণ অধিকার পার্টি, তফসিল ফেডারেশন, জাতীয় হিন্দু লীগ, সচেতন হিন্দু পার্টি, বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টি ও ইসলামী গণ আন্দোলন।

বৈঠকে এরশাদের সঙ্গে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ও সুনীল শুভরায়ও ছিলেন।

Image
হুসেইন মুহম্মদ এরশাদ আবারও ক্ষমতায় যাওয়ার প্রত্যাশায় রয়েছেন

হুসেইন মুহম্মদ এরশাদ আবারও ক্ষমতায় যাওয়ার প্রত্যাশায় রয়েছেন

গত ২০ ফেব্রুয়ারি রংপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে নতুন জোট গঠন করে একাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান এরশাদ।

বিএনপিবিহীন সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকা জাতীয় পার্টি ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে ছিল।

তার আগের নির্বাচনে কয়েকটি ইসলামী দল নিয়ে ইসলামী ঐক্য ফ্রন্ট গঠন করেছিলেন এরশাদ।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সামরিক শাসক এরশাদ আবারও ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা করছেন। তার দাবি, জনগণ তার দলকে ক্ষমতায় দেখতে চায়।

পুরনো খবর:

নতুন জোটের ঘোষণা শিগগিরই: এরশাদ