২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় নাশকতার মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোপপত্রের নিন্দা বিএনপির

কুমিল্লায় নাশকতার এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র প্রদানকে ‘সরকারের প্রভুদের নীল নকশা’র অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2017, 12:10 AM

Updated : 19 Aug 2022, 03:57 PM

সোমবার রাতে এক ‘জরুরি সংবাদ সম্মেলনে’ এসে অবিলম্বে এ মামলা ও তার অভিযোগপত্র প্রত্যাহারের দাবিও জানান তিনি।

রিজভী বলেন, “সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে জাতীয়তাবাদী শক্তিকে বিপর্য্স্ত করার হীন ষড়যন্ত্র ও কূটকৌশলের নিরবচ্ছিন্ন অংশ হিসেবে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় ডাহা মিথ্যা মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে।

“এই সরকার তাদের প্রভুদের নীল নকশার অংশ হচ্ছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধের মিথ্যা মামলায় অভিযোগপত্র।”

সোমবার দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ৫ নম্বর আমলি আদালতে চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমায় আটজন নিহতের ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

দশম জাতীয় সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন থেকে বিএনপি-জামায়াত জোটের ডাকা টানা অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা হামলা হয়। এতে বাসটিতে আগুন ধরে আটজন দগ্ধ হয়ে মারা যায়।

এ ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্রে খালেদা ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ এবং জামায়াতের সাবেক সংসদ সংসদ সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ ৭৮ জনকে আসামি করা হয়েছে।

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা ওই ‘জরুরি সংবাদ সম্মেলনে’ ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, “ গণতন্ত্রকে ধ্বংস করার জন্য একটা পরিকল্পনা নিয়ে এই ভোটারবিহীন সরকার ক্ষমতায় আছেন।

“তাদের ওই পরিকল্পনা অংশ হিসেবে গণতন্ত্র ও  জাতীয়তাবাদী শক্তির পক্ষে যিনি সোচ্চার, জাতীয়তাবাদী শক্তির পক্ষে যিনি প্রধান প্রতিনিধি- তাকে নানাভাবে আটকাতে হবে, নানাভাবে বিপর্য্স্ত করতে হবে, বাঁধা দিতে হবে। এজন্যই কুমিল্লায় ডাহা মিথ্যা মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।”

হাবিব-উন নবী খান সোহেলকে ফের গ্রেপ্তারের নিন্দা

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল উচ্চ আদালতে জামিন পেয়ে কারামুক্তির পর গোয়েন্দা পুলিশ তাকে ফের গ্রেপ্তার করে তুলে নিয়ে যায় অভিযোগ করে ঘটনার নিন্দা জানিয়েছেন রিজভী।

তিনি বলেন, “উচ্চতর আদালত থেকে জামিন পেয়ে যখন আজ হাবিব-উন নবী খান সোহেল কারাগার থেকে বেরিয়ে আসে, তখন সাদা পোষাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তাকে তুলে নেয়।

“আমাদের কিছু সতীর্থ এবং সোহেলের সতীর্থরা সেখানে উপস্থিত ছিলেন, তারা গাড়ীর পেছনে পেছনে থেকে তা দেখেছে। মিন্টু রোড ডিবি অফিসে সেই গাড়িটি গেছে।”

রিজভী বলেন, “সাদা পোষাকধারী যে কাউকে তুলে নিতে পারে, অদৃশ্য করে দিতে পারে, অপহরণ করতে পারে, গুম করতে পারে অথবা এর চাইতেও ভয়াবহ কিছু করতে পারে।

“তাকে ঠিক কী উদ্দেশ্য সাদাপোষাকধারী আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গেছেন, আমরা জানি না। এক অশুভ উদ্দেশ্য নিয়ে সোহেলকে আবার তুলে নেওয়া হয়েছে, গ্রেপ্তার করেছে।”

অবিলম্বে সোহেলের নিঃশর্ত মুক্তি দাবি করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “আমরা জানি, গোয়েন্দা পুলিশ অফিসে তাকে নিয়ে কী করা হচ্ছে। আমি হুঁশিয়ারি করে বলতে চাই, তার ওপর যেন বর্বরোচিত আচরণ না করা হয়।

“একজন সাবেক ছাত্রনেতা, তার প্রতি যদি কোনো অন্যায় ও বর্বরোচিত আচরণ হয়, তার প্রতিটি হিসাব কিন্তু রাখা হবে।”

সোমবার সন্ধ্যা ৬টায় কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরপরই কারাফটক থেকে সোহেলকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে বেইলি রোড়ের ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

দেশ ও বিদেশের সব মানবাধিকার সংস্থাকে হাবিব উন নবী খান সোহেলকে ফের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নজরে নেওয়ার আহ্বান জানান রিজভী।

২০১৪ সালের সরকারবিরোধী আন্দোলনে অবরোধ-হরতালের সময়ে যানবাহনে অগ্নিসংযোগসহ নাকশতার অভিযোগে কয়েকটি মামলায় দীর্ঘ সময় ধরে সোহেল কারাবন্দি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমা ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, অধ্যাপক আমিনুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামান উপস্থিত ছিলেন।