২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লুটপাট বন্ধ হলে আরও আগে মধ্য আয়ের দেশ হত: বাবলু

ব্যাংক খাতে ‘লুটপাট’ না হলে বাংলাদেশ আরও আগে মধ্য আয়ের দেশ হতে পারত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 10:11 PM

Updated : 19 Aug 2022, 03:55 PM

সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি বলেন, “পত্রিকায় দেখলাম এক লাখ কোটি টাকা খেলাপি ঋণ। সরকার আবার এর মধ্যে ৪২ হাজার কোটি টাকা অবলোপন করেছে। এই টাকা কার? জনগণের টাকা, সরকারের নয়।

“অর্থনীতি কি শক্তিশালী বলব? ব্যাংকিং খাতে লুটপাট বন্ধ করতে পারলে আরও আগেই অর্থমন্ত্রী মধ্য আয়ের দেশে বাংলাদেশকে নিয়ে যেতে পারতেন।”

বিদ্যুৎ ও গ্যাস সংযোগের অপ্রতুলতার কারণে বিদেশি বিনিয়োগ আসছে না দাবি করে বাবলু বলেন, “এফডিআই ধরতে গেলে নেই। বিনিয়োগকারীরা বিদ্যুৎ-গ্যাসের সংযোগ পায় না। অবকাঠামোগত সুবিধা নেই। দেশীয় বিনিয়োগকারীরা যদি বিনিয়োগের সুযোগ না পায় তাহলে বিদেশিরা আসবে কীভাবে?

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। কিন্তু বাস্তবে পিক-আওয়ারে ৯-১০ হাজার মেগাওয়াট থাকে। বিদ্যুৎ উৎপাদন করলেই হবে? সরবরাহ করতে পারছি না। গ্যাসের জন্য ক্রস কান্ট্রি সংযোগ পাইপ লাইন হয় নাই। কীভাবে উন্নয়ন করবেন?”

সম্প্রতি বাস শ্রমিকদের ধর্মঘটের প্রসঙ্গে জিয়াউদ্দিন বাবলু বলেন, “রাস্তায় চলতে ভয় লাগে। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে বাংলাদেশে। গত ২১ দিনে ২০০ এর বেশি মানুষ মারা গেছে। শাস্তি হলে আবার ধর্মঘট হয়। সরকারের মন্ত্রীরা আবার এতে যুক্ত থাকে, এটা দুর্ভাগ্যজনক।”

শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে ডাকসুর সাবেক জিএস বাবলু বলেন, “বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম, লাইব্রেরি নেই। মাশরুমের মতো বিশ্ববিদ্যালয় করলে হবে না। শিক্ষার মান নিচে নেমে যাচ্ছে। লাখ লাখ গ্রাজুয়েট বের হচ্ছে, তারা দু’লাইন বাংলা-ইংরেজি লিখতে পারেন না। চাকরির আবেদন লিখতে পারে না।

“ঢাকা বিশ্ববিদ্যালয়কে একসময় প্রাচ্যের অক্সফোর্ড বলা হত। এখন এশিয়ার একশটির মধ্যে নেই। এটাকে ইমপ্রুভ করার জন্য কী করছেন? গোল্ডেন জিপিএ পাচ্ছে অনেক-তাদের কোয়ালিটি কী? দেশের রাষ্ট্রপতির নাম জানে না, স্মুতিসৌধ কোথায় জানে না।”

“সিলেবাস চেঞ্জ হয়েছে। কে করেছে? শিক্ষামন্ত্রী তদন্ত করে বের করতে পারতেন। তিনি সেটা করছেন না।”

১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদে নির্বাচনের আগে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ জেলের বাইরে থাকলে বিএনপি ক্ষমতায় আসতে পারত না বলে দাবি করেন বাবলু।

“সেময় আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পেলে নির্বাচনে আপনারা (আওয়ামী লীগ) ক্ষমতায় যেতেন। আমরা আমরা ৭০-৮০টি সিট পেয়ে বিরোধী দল হতাম।”

“আপনাদের ভুলের কারণে বিএনপি দুইবার ক্ষমতায় এসেছে। আপনাদেরকে এজন্য ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।”