নিজের দেশের মানবাধিকারে নজর দিন: যুক্তরাষ্ট্রকে হাছান
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রত্যাখ্যান করে দেশটিকে নিজেদের বিষয়ে মুখ ফেরানোর পরামর্শ দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
২০১৬ সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়, যাতে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ জানানো হয়।
এর প্রতিক্রিয়ায় রোববার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলে পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
তিনি বলেন, “বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যে প্রতিবেদন দিয়েছে, তা আমরা প্রত্যাখ্যান করছি।”
বাংলাদেশের তুলনায় যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি ‘বহুগুণে খারাপ’ বলে মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী।
“বাংলাদেশের তুলনায় প্রতিদিন গড়ে দ্বিগুণ মানুষ হত্যা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে। আমরা বলব বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা না বলে নিজের দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করুন।”
দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণের ভূমিকার যে প্রশংসা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করেছেন, দলের পক্ষ থেকে তাতে ভিন্নমত জানান হাছান মাহমুদ।
তিনি বলেন,“এটা উনার ব্যক্তিগত মতামত, এটা সরকারের বক্তব্যও না, আওয়ামী লীগেরও না।”
অর্থমন্ত্রীর সমালোচনা করে হাছান বলেন,“অর্থমন্ত্রী অনেক সময় অনেক কথা বলেন। দেখবেন কয়েকদিন পর আবার এই কথা নিজেই পরিবর্তন করবেন।”
অর্থমন্ত্রীর এই বক্তব্য আওয়ামী লীগের অভ্যন্তরীণ গণতন্ত্রের বহিঃপ্রকাশ বলে দাবি করেন প্রচার সম্পাদক হাছান।
“আমাদের দলের নেতাদের মধ্যে যে গণতন্ত্র আছে এটা অর্থমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটেছে। দলে থেকেও কেউ দলের নিজের যে কোনো মত প্রকাশ করতে পারে, এটাই তার উদাহরণ।”
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার আমিনুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন।
