বিএনপিকে হালকাভাবে নেবেন না: কাদের
বিএনপির আন্দোলনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে এলেও ভোটের রাজনীতিতে দলটিকে হালকাভাবে না নিতে নিজের দলের নেতা-কর্মীদের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি আগামী নির্বাচনে আসবে বলে ধারণা করে মঙ্গলবার এক সভায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হুঁশিয়ার করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “তাদেরকে (বিএনপি) আপনারা হালকাভাবে দেখবেন না। আওয়ামী লীগবিরোধী সব শক্তির ঐক্যবদ্ধ প্লাটফর্ম হল বিএনপি। এদেরকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই।”
বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি দশম সংসদ নির্বাচন বর্জন করেছিল।
নবম সংসদ নির্বাচনে দলটি ৩২ আসন পেলেও তাদের ধানের শীষ প্রতীকে পড়েছিল ৩৩ শতাংশ; বিপরীতে ৪৯ শতাংশ ভোট পেয়ে ২৩০ আসন নিয়ে ক্ষমতায় যায় আওয়ামী লীগ।
কেন বিএনপি আগামী নির্বাচনে আসবে- তার ধারণার পেছনে যুক্তিও রাজধানীর ধানমণ্ডিতে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা আওয়ামী লীগের যৌথসভায় তুলে ধরেন মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, “নির্বাচনে আসা ছাড়া আর কোনো বিকল্প তাদের নেই। নিবন্ধন হারিয়ে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার আশঙ্কায় বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে।”
১৮টি উপজেলায় নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার সিদ্ধান্তও তার ইঙ্গিত হিসেবে দেখছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
“তার অর্থ হল দেরিতে হলেও জল ঘোলা করে তারা (বিএনপি) এই ইসি মেনে নিয়েছে। আশা করি, আগামী জাতীয় নির্বাচনেও তারা আসবেন।”
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মান্নান খান, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সদস্য কামরুল ইসলাম প্রমুখ।
