২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় লিটনের আসনে নৌকার প্রার্থী মোস্তফা

গাইবান্ধায় দুর্বৃত্তের গুলিতে নিহত মঞ্জুরুল ইসলাম লিটনের আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন গোলাম মোস্তফা আহমদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 09:27 PM

Updated : 19 Aug 2022, 03:45 PM

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা নিহত লিটনের ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত।

গত ৩১ ডিসেম্বর লিটনের মৃত‌্যুতে শূন‌্য গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আগামী ২২ মার্চ নির্বাচনের তফসিল ইতোমধ‌্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ওই উপ-নির্বাচনে দলের প্রার্থী বাছাই করতে মঙ্গলবার রাতে আওয়ামী লীগের সংসদীয় দল বৈঠকে বসে।

গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বৈঠকে নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে মোস্তফাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয় বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।

জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত হিসেবে পরিচিত সুন্দরগঞ্জে ৩০ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন মোস্তফা।

তিনি সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পরিষদের বর্তমান চেয়ারম্যান। এর আগে তিনি চণ্ডীপুর গার্লস স্কুলের সহকারী শিক্ষক ছিলেন। তিন বছর আগে অবসর নেন।

নতুন নির্বাচন কমিশনের অধীনে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপি আগের ইসির অধীনে সংসদ নির্বাচন বর্জন করলেও নতুন ইসির অধীনে ভোটে অংশ নেবে কি না, তা এখনও স্পষ্ট করেনি।

জাতীয় পার্টি ইতোমধ‌্যে গাইবান্ধা উপ-নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

গাইবান্ধা উপ-নির্বাচনের তফসিল অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই শেষে ১ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রাখা হয়েছে।

এই আসনে ভোটার রয়েছে তিন লাখ দুই হাজার ৮৫৩ জন।

পুরনো খবর:

বাড়িতে ঢুকে গুলি চালিয়ে এমপি লিটনকে হত‌্যা