ফখরুল সাহেবরা হেরে গিয়ে ঘেউ ঘেউ করছেন: হাছান
পদ্মাসেতু প্রকল্পে দুনীর্তির ষড়যন্ত্রের অভিযোগ কানাডার আদালতের রায়ে খারিজের পর ‘তা বিবেচনার বিষয় নয়’ বলে দেওয়া বিএনপি মহাসচিবের বক্তব্যে গ্রাম্য মোড়লদের আচরণ প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।
সোমবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ এক সংবাদ সম্মেলনে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এই মন্তব্য করেন।
কানাডার আদালতের রায়ে বাংলাদেশ ‘কলঙ্ক মুক্ত’ হয়েছে মন্তব্য করে হাছান বলেন, “এ রায়ের পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ‘কোথাকার কোন আদালত কী রায় দিয়েছে তা নিয়ে আমরা ভাবি না’ বলেছেন।
“তাদের এ বক্তব্য হচ্ছে গ্রাম্য মোড়লদের মতো। মোড়লরা যেমন বিচারে হেরে গেলে বলেন, ‘যা বলেছিতো বলেছি’; তার কথা ও সেই রকম। মির্জা ফখরুল ও রিজভী সাহেবরা এখন হেরে গিয়ে প্রাণিদের মতো ঘেউ ঘেউ করছেন।”
দুর্নীতির অভিযোগ তুলে পদ্মাসেতু প্রকল্পে প্রতিশ্রুত অর্থায়ন থেকে চার বছর আগে বিশ্ব ব্যাংক সরে দাঁড়ানোর পর নিজস্ব অর্থায়নে কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।
বহুল আলোচিত বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পের কানাডীয় পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের সঙ্গে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের অভিযোগের বিচারের রায়ে কোনো প্রমাণ না পাওয়ার কথা জানায় কানাডার আদালত। যেসব তথ্যের ওপর ভিত্তি করে প্রসিকিউশন মামলা সাজিয়েছিল তাকে ‘গালগল্প ও গুজব’ বলে মন্তব্য করেন বিচারক।
তবে দুর্নীতির অভিযোগ ওঠার পর বিএনপিসহ বিভিন্ন পক্ষকে সরকারের নিন্দায় সরব হতে দেখা গিয়েছিল।
রায়ের পর সেসময়ের বক্তব্য বিবৃতিতের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসমলা আলমগীর বলেন, “আমাদের সে সময়ে যেটা বক্তব্য ছিল, পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এখন কোথায় কি প্রমাণ হলো, না হলো সেটা তো আমাদের বিষয় নয়।”
নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুস ও দুর্নীতি নিয়ে কাজ করা সংস্থা টিআইবি পদ্মসেতু নিয়ে ষড়যন্ত্র করে বিশ্বব্যাংকের পক্ষে বলেছিল অভিযোগ করে সংবাদ সম্মেলন থেকে তাদের সবাইকে জাতির কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাওয়ার আহ্বান জানায় আওয়ামী লীগ।
দলটির নেতা হাছান মাহমুদ বলেন, “বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে পদ্মসেতুতে দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে অভিযোগ তোলা হয়েছিল, এর পক্ষ নিয়ে সাফাই গেয়ে কথা বলেছেন ড. ইউনুস ও টিআইবসহ দেশের বিভিন্ন ব্যক্তিবর্গ।
“কানাডার আদালতে প্রমাণ হয়েছে পদ্মসেতুতে কোনো দুর্নীতি হয় নাই। তাই এদের সবাইকে দেশবাসীর সামনে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।”
ড. ইউনুসের সমালোচনা করে হাছান বলেন, “বিশ্বব্যাংক যখন পদ্মাসেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে, তখন ড. ইউনুস বিশ্বব্যাংকে উচ্চ পর্যায়ের লোকদের কাছে ইমেল পাঠান- যেন তারা এ প্রকল্পে অর্থায়ন না করেন; যা সাম্প্রতিকালে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।”
যারা বাংলাদেশের বিরুদ্ধে ‘দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে ষড়যন্ত্র করছেন’ তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, “ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, শ্রম বিষয়ক হাবিবুর রহমান সিরাজ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর বিপ্লব বড়ুয়া ও সদস্য এস এম কামাল হোসেন উপস্থিত ছিলেন।
