টিকে থাকতেই ভোটে আসবে বিএনপি: ওবায়দুল কাদের
ফের নির্বাচন বর্জন করলে বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যাওয়ার শঙ্কা থেকেই বিএনপি আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে বলে মনে করছেন ওবায়দুল কাদের।
নতুন নির্বাচন কমিশন নিয়ে বিএনপির হতাশা প্রকাশের মধ্যে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর ভোটে দলটিকে পাওয়ার আশার কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “বিএনপির মধ্যে নেগেটিভ বিষয় চলে এসেছে। মানি না, মানব না- এই একটি মানসিকতায় তারা ভুগছে। এটা থেকে তারা বের হতে পারছে না। তবে দেখবেন তারা ঠিকই ইলেকশনে অংশ নেবে।”
কেন মনে করছেন যে বিএনপি নির্বাচনে আসবে- এ প্রশ্নে তিনি বলেন, “বিএনপি রাজনীতি করে। তাদেরও তো রাজনৈতিক কৌশল আছে।
“তারা গত নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল তারা করেছে, এর পরিণাম তাদের যতটা দুর্বল, সংকুচিত করেছে, এলোমেলো করেছে, সেখানে তাদের ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। সেই ঝুঁকি তারা নেবে বলে আমার বিশ্বাস হয় না।”
নতুন ইসি নিয়ে বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, “বিএনপির একেক জন একেক কথা বলেন। আজকে তো ফখরুল সাহেব এমন একটা ইঙ্গিত দিয়েছেন যে, সামনে তাদের কর্ম দেখার অপেক্ষায় আছেন। এটা যদি তাদের সকলের মত হয়, তা ভালো।
“কিন্তু আরেক জন আরেক কথা বলবে। কেউ আবার বলছেন জনতার মঞ্চের লোক, তাকে সরে যেতে। এখনও নাকি প্রেসিডেন্টের সুযোগ আছে সিইসিকে বাদ দেওয়ার। আবোল-তাবোল কত কথা।”
বৈঠকে রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কি না- সাংবাদিকদের প্রশ্নে বার্নিকাট বলেন, “আমি ৩৫ বছর ধরে কূটনৈতিক কাজে জড়িত, কিন্তু বাংলাদেশের মতো জটিল রাজনৈতিক পরিবেশে কখনও থাকিনি। রাজনৈতিক বিষয়গুলো ভালভাবে জানতে আমরা সব সময় আলোচনা করে থাকি।”
রোহিঙ্গাদের স্থানান্তর প্রসঙ্গ
কক্সবাজার থেকে রোহিঙ্গাদের নোয়াখালীর হাতিয়া দ্বীপের ঠেঙ্গারচরে স্থানান্তর নিয়ে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা ওঠে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বার্নিকাটের।
সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে নোয়াখালীর বাসিন্দারা, ওবায়দুল কাদের নিজেও ওই জেলার একজন সংসদ সদস্য।
নিজের অবস্থান জানতে চাইলে মন্ত্রী কাদের বলেন, “আমি সরকারকে প্রতিনিধিত্ব করি। নোয়াখালীর মানুষ হিসেবে আমি কোনো কথা বলতে চাই না। আমি সরকারের সিদ্ধান্তকেই ফলো করব। সরকারের সিদ্ধান্ত যাতে ইমপ্লিমেন্ট হয়, সে দায়িত্ব আমাকে পালন করতে হবে।”
রোহিঙ্গাদের বিষয়ে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, “আমাদের অনেক প্রশ্ন রয়েছে এবং এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই। রোহিঙ্গারা সেখানে যেতে চায় কি না, তাও দেখতে হবে।
“মনে রাখতে হবে রোহিঙ্গারা মানসিক আঘাত পেয়েছে, এমন কিছু আমরা চাইব না যাতে তারা পুনরায় মানসিক আঘাত পায়।”
