২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ইসিকে স্বাগত জাপার

রাষ্ট্রপতি গঠিত নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 04:46 PM

Updated : 19 Aug 2022, 03:42 PM

ইসি গঠনের পরদিন মঙ্গলবার রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, “নতুন সিইসি একজন বীর মুক্তিযোদ্ধা। অতীতেও তিনি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

“তার বাড়ি আমার এলাকায়, ব্যক্তিগতভাবে তাকে একজন সৎ মানুষ হিসেবে আমি জানি। আমরা নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানাই।”

জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের, সভাপতিমণ্ডলীর সদস‌্য সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সল চিশতী, ভাইস চেয়ারম্যান এম এ তালহা, কেন্দ্রীয় কমিটির নেতা জাহিদ হোসেন বিপ্লব, ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার হাসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু এসময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার রাতে সার্চ কমিটির সুপারিশ থেকে পাঁচজনকে নতুন ইসির জন্য মনোনীত করেন। পরে রাতেই নতুন ইসির প্রজ্ঞাপন জারি করে সরকার।

সাবেক সচিব কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নতুন এই কমিশনে কমিশনার হিসেবে আছেন সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন চৌধুরী।

জাতীয় পার্টির প্রস্তাবিত নাম এসেছে কি না- জানতে চাইলে হাওলাদার বলেন, “আমাদের নাম এসেছে কি না, সেটা দেখার বিষয় নয়। যাদের ওপর দায়িত্ব অর্পিত হয়েছে, তারা যদি জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারেন এবং জনগণের আস্থা অর্জন করতে পারেন সেখানেই আমাদের প্রস্তাব সমাদৃত হবে।”

বিদায়ী কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন নির্বাচন কমিশন নিয়ে অসন্তোষ ছিল জাতীয় পার্টির চেয়ারম‌্যান এইচ এম এরশাদের। তিনি ‘শক্ত মেরুদণ্ডের’ নতুন ইসি গঠনের আহ্বান জানিয়ে আসছিলেন।

পুরনো খবর:

নতুন সিইসি নূরুল হুদা