২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদ আব্বাসের সফরের সাফল‌্য কামনা বিএনপির

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঢাকা সফরকে স্বাগত জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2017, 03:18 PM

Updated : 19 Aug 2022, 03:39 PM

দলটির বিশেষ সম্পাদক ও পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান রিপন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “তার এই সফর ফলপ্রসূ হবে বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আশাবাদ ব্যক্ত করেছেন। ফিলিস্তিন ভূখণ্ড রাষ্ট্র হিসেবে অচিরেই সার্বজনীন স্বীকৃতি লাভ করবে এবং সেখান থেকে ইসরাইলি আগ্রাসন ও দখলদারিত্বের অবসান হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।”

ঢাকায় মাহমুদ আব্বাসের সফরের সফলতা ও তার সুস্বাস্থ্য কামনা করে বিএনপির পক্ষ থেকে ফিলিস্তিন দূতাবাসের হেড অব মিশন ইউসুফ রামাদানকে একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানান রিপন।

তিন দিনের সফরে বুধবার বিকালে ঢাকায় পৌঁছাচ্ছেন মাহমুদ আব্বাস। বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাকে স্বাগত জানাবেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে এটিই মাহমুদ আব্বাসের প্রথম রাষ্ট্রীয় সফর; গত বছর ফেব্রুয়ারিতে জর্ডান থেকে জাপান যাওয়ার পথে ঢাকায় কয়েক ঘণ্টা যাত্রাবিরতি করেছিলেন তিনি।

ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে মুক্তি সংগ্রামে বাংলাদেশ প্রথম থেকেই ফিলিস্তিনি সরকার ও জনগণের পাশে আছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সভাতেও বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে।

বিএনপিও একইভাবে ফিলিস্তিনি জনগণের স্বাধিকার ও স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবে বলে জানান রিপন।

তিনি ১৯৮১ সালে জিয়াউর রহমানের আমন্ত্রণে ফিলিস্তিনে মুক্তিসংগ্রামের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের সফরের কথা উল্লেখ করে বলেন, “ফিলিস্তিনি প্রেসিডেন্ট হিসেবে মাহমুদ আব্বাসের এটি প্রথম সফর হলেও ১৯৮১ সালে তাদের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমন্ত্রণে প্রথম বাংলাদেশ সফরে এসেছিলেন। তার সাথে প্রেসিডেন্ট জিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।”

জিয়ার সময়েই ১৯৮০ সালে এক ফিলিস্তিনি যোদ্ধা ও আল-আকসা মসজিদের ছবি দিয়ে আরবি ও ইংরেজি ভাষায় একটি স্মারক ডাক টিকেট প্রকাশ করা হয়েছিল বলে এ বিএনপি নেতা জানান।

ফিলিস্তিনের প্রেসিডেন্টের সফরসূচিতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের কথা আছে কিনা জানতে চাইলে রিপন বলেন, এখন পর্যন্ত সরকারের তরফ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।