২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাভ হবে না: বিএনপিকে হানিফ

জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে লাভবান হওয়া যাবে না বলে বিএনপিকে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 05:29 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

তিনি বলেছেন, “ভুল রাজনীতি, ভুল সিদ্ধান্তের কারণে জনগণের কাছ থেকে বিএনপি প্রত্যাখ্যাত হয়েছে। জনগণের হার মেনে নেওয়ার মানসিকতা তাদের নেই।

“এখন কোনো ইস্যু না থাকায় ইসিকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে তারা। নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে লাভবান হওয়া যাবে না।”

মঙ্গলবার রাজধানীর আজিমপুরে ঢাকা কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন হানিফ।

বিএনপি নেতাদের উদ্দেশে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, “নেতিবাচক রাজনীতি পরিহার করে সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসুন। জনগণের কাছে যান, তারা আপনাদের মেনে নিলেও নিতে পারে।”

১৯৯৪ সালে ঢাকা সিটি নির্বাচনে মেয়র পদে মোহাম্মদ হানিফের বিজয়ের পর বিজয় মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই মিছিলে গুলিবর্ষণ করা হলে দলের ৭ নেতা-কর্মী নিহত হয়। তাদের স্মরণে এ আলোচনা সভা হয়।

হানিফ বলেন, “বিএনপি এদেশের এমন রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাসী না, জনগণের রায়ে বিশ্বাসী নয়, জনগণের উপর আস্থাশীল নয়। এ কারণেই ৯৪ সালে সেভেন মার্ডার হয়েছিল।”

বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না মন্তব‌্য করে তিনি বলেন, “যাদের জন্ম অগণতান্ত্রিক উপায়ে, সেনা ছাউনিতে, তাদের মুখে গণতন্ত্রের কথা শোনার মতো হাস্যকর বিষয় আর কিছু থাকতে পারে না।”

ইসি নিয়োগে রাষ্ট্রপতির উপর আস্থা রাখতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, “অভিভাবক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করবেন। আপনারা অপেক্ষা করুন। এটা নিয়ে বিতর্ক করার দরকার নেই, কথা চালাচালি করারও দরকার নেই।”

রাষ্ট্রপতি ঘোষিত সার্চ কমিটি নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার জবাবে হানিফ বলেন, “সার্চ কমিটিতে যারা স্থান পেয়েছেন, তারা তাদের অতীত সুনাম ও স্বচ্ছ কর্মকাণ্ডের জন্য পেয়েছেন। তাদের কারও কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। কিন্তু বিএনপি এ সার্চ কমিটি নিয়ে প্রশ্ন তুলছে।”

বিদায়ী নির্বাচন কমিশনকে নিয়ে বিএনপির সমালোচনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বিগত নির্বাচন কমিশনের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, তা স্বচ্ছ ও নিরপেক্ষ।

“আপনাদের ৫ মেয়র প্রার্থী জয়ী হয়েছে। এখন আপনারা সেই নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের ব্যর্থতা কোথায়? নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মতো রোল মডেল নির্বাচনকে বিএনপি নেত্রী- উপরে ফিটফাট, ভিতরে কারচুপি, আখ্যা দিয়েছেন। আসলে বিএনপি আজিজ মার্কা নির্বাচন কমিশন চায়।”

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।