এত গরজ কীসের: রামপাল নিয়ে প্রশ্ন ফখরুলের
সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারের অনড় অবস্থানের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলছেন, “সারা পৃথিবী বলছে, এই প্রকল্প সুন্দরবনের ক্ষতি করবে। আর উনারা কয়েকজন বলছেন যে, ক্ষতি করবে না।”
এই প্রকল্পের পিছনে বিদ্যুৎ উৎপাদন ছাড়া অন্য কোনো কারণ আছে কি না সে প্রশ্ন তুলে ফখরুল বলেন, “বার বার জোর গলায় তারা (সরকার) বলছে, রামপালে (বিদ্যুৎ কেন্দ্র) হতেই হবে। কেন রে ভাই, এত কীসের গরজ? গরজ কি শুধু বিদ্যুৎ দেবেন সেজন্য? নাকি কোথাও দাসখত লিখে এসেছেন সেজন্য। দাসখতই লিখে এসেছেন।
“তা না হলে রামপালে বিদ্যুৎকেন্দ্র করার জন্য আপনারা এভাবে মরিয়া হয়ে, উলঙ্গ হয়ে নামতেন না।”
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে শুক্রবার বিকালে এক সমাবেশে বক্তব্যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল দাবিতে হরতালকারীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানান তিনি।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা বৃহস্পতিবার অর্ধদিবস হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পিকেটারদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের।
মির্জা ফখরুল বলেন, “দেখেছেন, আমাদের তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষার আন্দোলনের কিছু মানুষ, তারা নিবেদিত প্রাণ, যতই বলি, আমরা যা-ই বলি, তারা রাস্তায় নেমেছেন। বৃদ্ধ মানুষকে পুলিশ পেটাচ্ছে, একজন সাংবাদিক ভাইকে নির্মমভাবে প্রহার করছে- সেটাও তো এই সরকার সহ্য করতে পারে না। তারা কোনো রকম ভিন্নমত সহ্য করতে পারে না।”
হরতালের দিনে রামপালে স্থানীয় সাংসদের নেতৃত্বে ওই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দাবিতে মানববন্ধন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, “সরকারি দলের এমপিকে দিয়ে ওই এলাকায় পক্ষেও কিছু লোক নামিয়েছেন। ওই সমস্ত ভণিতা করে, এদিক-ওদিক করে কোনো লাভ হবে না। জনগণ যেদিন জেগে উঠবে, সেদিন কোনো দিকে পালাবার পথ খুঁজে পাবেন না।”
নেতাকর্মীদের প্রতি দলকে সংগঠিত করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সংগঠন শক্তিশালী করতে হবে, নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ বন্ধ করতে হবে- এর কোনো বিকল্প নেই। শুধু দলের মধ্যে ঐক্য নয়, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ১৬ কোটি মানুষকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে হবে।
“এখন জেলে যাওয়ার জন্য তৈরি হলে চলবে না, এখন জেল ভাঙার জন্য আমাদের তৈরি হতে হবে।”
নির্বাচন কমিশন গঠন নিয়ে খালেদা জিয়ার প্রস্তাব বিবেচনা্য় নেওয়া হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, “ভালো কথা কি শোনে? শোনে না। যতই বলেন, তারা সেগুলো শুনবে না। কারণ তারা বাঘের পিঠে উঠে বসেছে তো। নামার তো কোনো উপায় নাই, নামতে গেলেই তো বাঘ খেয়ে ফেলবে। সে কারণেই তারা কোনো কিছু শুনতে চান না, শেষ মুহুর্ত পর্যন্ত তারা অত্যাচার-নির্যাতন চালিয়ে যাবে।
“আর আমাদের দায়িত্ব হবে জনগণকে সঙ্গে নিয়ে, জনগণকে ঐক্যবদ্ধ করে তাদের শক্তি দিয়ে সেই অপশক্তিকে পরাভূত করতে হবে। এটাই একমাত্র পথ, এর অন্য কোনো বিকল্প নাই।”
নির্বাচন কমিশনারদের বাছাইয়ে গঠিত সার্চ কমিটিতে আওয়ামী লীগ ঘরানার লোকজনকে নেওয়া হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, “সেই সার্চ কমিটি কখনোই একটা নিরপেক্ষ, শক্তিশালী, সৎ, যোগ্য নির্বাচন কমিশন গঠন করতে পারবে বলে আমরা বিশ্বাস করি না।
“আসুন, গোটা দেশের মানুষকে নিয়ে আমরা এই সরকারকে বাধ্য করি, যে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার মধ্য দিয়ে এবং একটি সহায়ক সরকারের অধীনে নির্বাচন করার মধ্য দিয়ে এই সংকটের নিরসন করতে হবে।”
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক কারাগারে, এক প্রিজন ভ্যানে চলার স্মৃতি স্মরণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “শেখ সেলিম সাহেবের নাতি বলত, এটা আমার দাদুর গাড়ি। ওই দাদুর গাড়িতে করে আমরা তখন একসঙ্গে আসা-যাওয়া করতাম। কত হৃদ্যতা ছিল।
“আশ্বর্য হয়ে যাই, মানুষ কয়েকদিনের ব্যবধানে কীভাবে সব ভুলে যায়। যদি বিএনপি ক্ষমতায় আসত তাহলে কখনও এমন আচরণ করত না। আজ আওয়ামী লীগ কী করছে? সারা দেশে বিএনপিসহ সকল ভিন্নমত সবাইকে ছলেবলে, কৌশলে জেল-জুলুম-অত্যাচার-সম্পত্তি জবর দখল করে সর্বশান্ত করে ফেলেছে।”
‘কোনো সুস্থ লোক আওয়ামী লীগ করতে পারে না’ মন্তব্য করে তিনি বলেন, “এরা মানসিকভাবে অসুস্থ, এরা সুস্থ নয়। এরা মানুষের রক্ত দেখায় অভ্যস্ত। এরা রক্তচোষা দল, মানুষের দল না।”
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, “আমি দলছুট ব্যক্তি। ৩৫ বছর আওয়ামী লীগ করেছি, ৮ বছর কৃষক-শ্রমিক-জনতা লীগ করেছি, ১০ বছর যাবত বিএনপি করছি। কিছু মনে করবেন না, আমার মনে হয়েছে বিএনপি ঘরের ভেতরে বেশি সোচ্চার খাকে। এ থেকে সরে আসতে হবে।”
“...ওই তেল-গ্যাস কমিটি যদি ২০০ লোক নিয়ে মিছিল করতে পারে, তাহলে ছাত্রদলের হাজার হাজার নেতা-কর্মী কেন রাজপথে মিছিল করতে পারবে না? গুলি করবে, কত গুলি করবে?”
কিশোরগঞ্জের নেতা দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের মুক্তি দাবিতে ঢাকাস্থ কিশোরগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ হয়।
সংগঠনের সভাপতি শেখ মজিবর রহমান ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা মাজহারুল ইসলাম মাজহার, রুহুল আমিন আকিল বক্তব্য রাখেন।
