সার্চ কমিটিতে আস্থা রাখার আহ্বান আ. লীগের
নতুন নির্বাচন কমিশনের সদস্য বাছাইয়ে গঠিত সার্চ কমিটি নিয়ে বিএনপি ক্ষোভ ও হতাশা প্রকাশ করলেও সবাইকে ‘আস্থা রাখার’ আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, “আমরা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাব, অহেতুক রাজনৈতিক ইস্যু বানানোর জন্য বা অহেতুক কথা চালাচালির জন্য জনগণকে বিভ্রান্ত না করে মহামান্য রাষ্ট্রপতির উপর আস্থা রাখুন। অবশ্যই সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন হবে।”
বুধবার সন্ধ্যায় ছয় সদস্যের সার্চ কমিটির গেজেট প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন হানিফ।
তিনি বলেন, “সংবিধানের প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সার্চ কমিটি গঠন করেছেন। তিনি ইচ্ছে করলে সার্চ কমিটি গঠন না করেও নির্বাচন কমিশন গঠন করতে পারতেন। সকলের গ্রহণযোগ্য ইসি গঠনের জন্যই তিনি এ উদ্যোগ নিয়ে আজ সার্চ কমিটি গঠন করেছেন।”
নির্বাচন কমিশন গঠনের আইন না থাকায় ২০১২ সালের মত এবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই সার্চ কমিটি গঠনের উদ্যোগ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
গত ১৮ ডিসেম্বর থেকে এক মাসে ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদের বাইরে থাকা বিএনপিসহ মোট ৩১টি দলের সঙ্গে বসে তাদের মতামত শোনেন তিনি।
বঙ্গভবনের ওই আলোচনায় ইসি ও সার্চ কমিটি গঠন নিয়ে ১৩ দফা প্রস্তাব দিয়েছিল বিএনপি। কিন্তু বুধবার সার্চ কমিটি সদস্যদের নাম দেখে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “নিরপেক্ষতার চরম যে নির্দশন, মহামান্য রাষ্ট্রপতি আমাদেরকে সেটা দিয়েছেন। আমরা শুধু হতাশ হইনি, আমরা ক্ষুব্ধ হয়েছি। এই সার্চ কমিটি কী ধরনের নির্বাচন কমিশন গঠন করবেন, তা এখনই বুঝতে পারছি।”
এবারের সার্চ কমিটির প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে, যিনি গতবারও একই দায়িত্ব পালন করেছিলেন।
এবারের কমিটির বাকি পাঁচ সদস্য হলেন- হাই কোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য শিরীণ আখতার।
মাহবুব-উল আলম হানিফ বলেন, “রাষ্ট্রপতির সাথে যে সকল রাজনৈতিক দল দেখা করেছে, তারা যে প্রস্তাব রেখেছে, সেসব প্রস্তাবের প্রতি সমর্থন রেখেই রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেছেন।
“আমরা আশা করি, এই সার্চ কমিটির পরামর্শ অনুযায়ী বা সুপারিশ অনুয়ায়ী মহামান্য রাষ্ট্রপতি সকলের কাছে গ্রহণযোগ্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করবেন।”
কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এরপর সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে অনধিক পাঁচজনকে নিয়ে নতুন ইসি গঠন করে দেবেন রাষ্ট্রপতি। সেই ইসির অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।
