হরতালের বিপক্ষে মানববন্ধন
সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্প বাতিল চেয়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালের বিপক্ষে মানববন্ধন করেছে সরকার সমর্থক দুটি সংগঠন।
নাগরিক ওই সংগঠনের কর্মসূচির আগের দিন বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহারের দাবি জানানো হয়।
সকাল সাড়ে ৯টায় মানববন্ধন করে হরতাল প্রতিরোধ কমিটি।
আয়োজকদের পক্ষে আবদুল খালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে সর্বোচ্চ নজর দিয়েছেন। এ সময় হরতাল করে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা চলছে।
“যারা বিজ্ঞ-জ্ঞানী তাদের বলব, ২৬ জানুয়ারি হরতাল বন্ধ করুন। যারা হরতাল চায় তারা দেশের বিরুদ্ধে, উন্নয়নের বিরুদ্ধে। সরকারকে বলব, যে কোনোভাবে হরতাল প্রতিরোধ করুন। হরতাল হতে দেওয়া হবে না।”
হরতালের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় মানববন্ধন করে কৃষক-শ্রমিক পার্টি (ফাইল ছবি)
মানববন্ধন সমাবেশে প্রতিরোধ কমিটির মহাসচিব শেখ হাবিবুর রহমান, জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব মিজানুর রহমান মিজু, জাগো বাঙালির সহসভাপতি মিজানুর রহমান লিটন, কৃষক শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক জহিরুল হক বশির, হাকিম আনসার আহমেদ সিদ্দিকী, আশরাফ আলী হাওলাদার বক্তব্য রাখেন।
বেলা ১১ টায় ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-ভাসানী) একাংশের মানববন্ধনেও বক্তারা একই দাবি করেন।
কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের সভাপতি আশরাফ আলী হাওলাদার, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু ও ভাসানী ন্যাপের চেয়ারম্যান এম এ ভাসানী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন।
এম এ ভাসানী এই হরতালে সমর্থন জানানোয় বিএনপির সমালোচনা করে বলেন, “একটি বড় রাজনৈতিক দল অযৌক্তিক হরতালকে সমর্থন দিয়েছে। অথচ তাদের ক্ষমতার সময়েও দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কমিটির ৬ জন মানুষ নিহত হয়েছিল।”
মানববন্ধনে বক্তারা জাতীয় কমিটির ‘অবৈজ্ঞানিক হরতাল’ বর্জনে জনগণের প্রতি আহবান জানান।
