২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিরুদ্ধে নতুন মামলার আর্জি এবি সিদ্দিকীর

বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি মানহানি মামলার আবেদন করেছেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 03:26 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদের আদালতে তিনি এ আবেদন করেন।

বিচারক তার অভিযোগ শুনে তা মামলা হিসেবে সরাসরি আমলে না নিয়ে শাহবাগ থানার একজন পরিদর্শককে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

এবি সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।”

জননেত্রী পরিষদের সভাপতি এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উসকানিমূলক, মানহানিসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা করেছেন আদালতে।

নতুন এ অভিযোগের আরজিতে বলা হয়, “২০১৬ সালের ৩১ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চান নাই। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ায় এদেশের জনগণ যুদ্ধে নেমেছিল।”

ইঞ্জিনিয়ারিং ইন্সিটিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদা ক্ষমতাসীন আওয়ামী লীগকে নিয়েও ‘কটূক্তি’ করেন বলে এবি সিদ্দিকীর অভিযোগ।

আরজিতে বলা হয়, “খালেদা ওই অনুষ্ঠানে বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের নামে চলছে দুর্নীতি ও লুটপাট। দলীয় লোকদের জঙ্গি বানিয়ে নিরীহ লোকজনকে হত্যা করছে, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করে লুটপাট ও হত্যা করছে। পুলিশ বাহিনী দিয়ে বিরোধীদলসহ ভালো ভালো লোককে গ্রেপ্তার করে গুম করছে ও হত্যা করছে।”

এসব বক্তব্যে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে নিয়ে ‘অসত্য তথ্য দিয়ে মানহানি করা হয়েছে’ বলে অভিযোগ করা হয়েছে মামলার আরজিতে।