খালেদার কার্যালয়ে যুবদলের নতুন কমিটি
দীর্ঘ ৭ বছর পর গঠিত যুবদলের নতুন কমিটির নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
মঙ্গলবার রাত পৌনে ৯টায় গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন এসে পৌঁছালে যুবদলের নতুন সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, জ্যেষ্ঠ সহসভাপতি মোর্ত্তাজুল করীম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান নেত্রীর হাতে ফুল তুলে দেন।
নতুন কমিটি গঠনের পরদিন সন্ধ্যা থেকে সহস্রাধিক যুবদলকর্মী গুলশানের কার্যালয়ের সামনে সমবেত হয়। গুলশানের বাসা থেকে খালেদা জিয়া কার্যালয়ে পৌঁছলে নেতা-কর্মীরা করতালি দিয়ে স্বাগত জানায় তাকে।
এ সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও যুবদলের এব সময়ের সভাপতি মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মহিলা দলের সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান উপস্থিত ছিলেন।
সোমবার নিরব-টুকুর নেতৃত্বে যুব দলের ৫ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয় বিএনপি।
সর্বশেষ ২০১০ সালে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাইফুল ইসলাম নিরবের নেতৃত্বে যুব দলের কমিটি গঠন করা হয়েছিল।
