২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের সুফল শুধু সরকারের অনুগ্রহপুষ্টদের ঘরে: ফখরুল

গত আট বছরে দেশে যে উন্নয়ন হয়েছে তার সুফল শুধু সরকারের অনুগ্রহপ্রাপ্তদের ঘরে উঠেছে অভিযোগ করে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে দেশের মানুষের উন্নয়নের যে কথা বলেছেন তা আসলে ‘শুভঙ্করের ফাঁকি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2017, 09:28 PM

Updated : 11 Oct 2022, 01:19 PM

বিএনপি মহাসচিব বলছেন, দেশে ধনী-দরিদ্রের আয় বৈষম‌্য বেড়ে চলেছে। দরিদ্র ‍ও নিম্ন মধ্যবিত্তের অবস্থা আরও ‘শোচনীয়’ হয়েছে।

বাংলাদেশে এখন উন্নয়নের নামে লাগামহীন দুর্নীতি চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর ভাষণের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া্য় মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী তার ভাষণে এমনভাবে চিত্রায়িত করেছেন যে, সকল উন্নয়ন তার দুই দফার সরকারের আট বছরে হয়েছে। এটা সঠিক নয়।

“গত আট বছরে ধনী আরও ধনী, গরিব আরও গরিব হয়েছে। ‘প্লুটোক্রেটিক’ শাসনের ফলে প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতা আরও বৃদ্ধি পেয়েছে।”

এই আট বছরে রাজনৈতিক হস্তক্ষেপে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়া হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, “শেয়ার বাজার লুট, ব্যাংক লুট, দলীয় ব্যক্তিদের ঋণ সুবিধা ও ফেরত না দেওয়ার প্রবণতা দাঁড়িয়ে গেছে। শুভঙ্করের ফাঁকি হলো আয় বৈষম্য বেড়েই চলেছে। উন্নয়নের সুফল কিছু সরকারের অনুগ্রহপুষ্ট ব্যক্তিদের কাছে কুক্ষিগত হচ্ছে।”

অর্থনেতিক উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া মন্তব‌্য করে তিনি বলেন, “গণতান্ত্রিক, অগণতান্ত্রিক, বৈধ-অবৈধ প্রায় সব সরকারই কমবেশি উন্নয়ন কাজ করেছে।

“ক্ষুদ্র ঋণ, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, দ্রুত সময়ে দারিদ্র‌্য বিমেোচন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট লক্ষ্য অর্জন, জীবনযাত্রার মান উন্নয়ন, দুর্বল জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তোলা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কাজগুলো কোনো একটি বিশেষ সরকারের একক প্রচেষ্টার ফসল নয়। প্রধানমন্ত্রীর দাবি তাই অনৈতিক এবং শুধু আত্মতুষ্টির প্রচেষ্টা।”

সরকার দেশের মানুষের ‘গণতান্ত্রিক অধিকার হরণ করে’ উন্নয়নের নামে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন ফখরুল। 

সরকারের তিন বছর পূর্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের আট বছরের শাসনকালে নেওয়া বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বর্ণনা দিয়ে তা অব‌্যাহত রাখতে জনগণের সমর্থন প্রত‌্যাশা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “অর্থনৈতিক অগ্রগতির সূচকে বিশ্বের শীর্ষ ৫টি দেশের একটি আজ বাংলাদেশ। ধারাবাহিকভাবে ৬ দশমিক ৫ শতাংশ হারে প্রবৃদ্ধি ধরে রেখে পুরো বিশ্বকে আমরা তাক লাগিয়ে দিয়েছি।”

মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকায় মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে বলেও মন্তব‌্য করেন তিনি।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার আমলে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল, এই সরকারের সময়ে তা কমে গেছে।

এর পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী দাবি করেন, ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ১১%, আগামী বছর হবে ৭ দশমিক ৪%। এদিকে বিশ্ব ব্যাংক তাদের গ্লোবাল ইকোনোমিক প্রসপেক্টাস প্রতিবেদনে বলেছে, এবছরে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮%, আগামী বছর হবে ৬ দশমিক ৫%।

“বিএনপির আমলে ৭% অতিক্রম করেছে যে প্রবৃদ্ধি, বর্তমান সরকারের  আমলে তা বরং হ্রাস পেয়ে্ছে।”

বাংলাদেশ ব‌্যাংকের রিজার্ভ চুরি নিয়ে ড. মোহাম্মদ ফরাসউদ্দিন নেতৃত্বাধীন কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। 

তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, “যত ক্ষমতাধরই হোক দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হোক, লোপাটকৃত অর্থ ফেরত আনা হোক।”

ফখরুল বলেন, “সর্বত্র দুর্নীতি। দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নেই। সরকারি দলের লোকজনের চাঁদাবাজি, গ্যাস ও বিদ্যুতের অভাবে বিনিয়োগ রুদ্ধ হয়ে পড়েছে। দেশের পূঁজি পাঁচার হয়ে যাচ্ছে বিদেশে।

“ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা বিনিয়োগে উৎসাহ হারিয়ে ফেলে্ছে। রাজনৈতিক সংকট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিরোধী রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে। ডেমোক্রেটিক স্পেস ক্রমেই সংকুচিত হয়ে আসছে।”

পরিস্থিতির উত্তরণে একটি ‘নিরপেক্ষ সহায়ক সরকারের’ অধীনে ‘নিরপেক্ষ’ নির্বাচন কমিশনের মাধ‌্যমে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “একটি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ, রাজনীতিকে তার স্বাভাবিক চলার পথে চলতে দিতে হবে। তৈরি করতে হবে সকলের জন্য সমান সুযোগ। বিরোধী দল নির্মূল করার প্রক্রিয়া বন্ধ করতে হবে। উন্নয়নের কথা বলে গণতন্ত্র হত্যা করে, জনগণের ভোটাধিকার হরণ করে, একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা জনগণ কখনও মেনে নেবে না।

“আমরা এখনও আশা করি, জনগণের আশা-আকাঙক্ষা পূরণ করার জন্য সরকার বিরোধী দলের সঙ্গে আলোচনা করে আগামী নির্বাচন এবং রাজনীতির গতিপথ নির্ধারণ করবেন। নতুন আলোর পথ দেখাবেন।”

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপিকা শাহিদা রফিক, প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন আহমেদ দিদার উপস্থিত ছিলেন।