২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মতুষ্টির ভাষণ: বিএনপি

‘সঙ্কট’ উত্তরণে প্রধানমন্ত্রীর ভাষণে ‘রাজনৈতিক সমঝোতা’র কোনো আভাস না থাকায় হতাশ হয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 10:57 PM

Updated : 19 Aug 2022, 03:27 PM

“প্রধানমন্ত্রীর এই ভাষণটা একেবারেই গতানুগতিক, আত্মতুষ্টি ও আত্মস্তুতিতে ভরা,” তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারের তিন বছর পূর্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি দশম সংসদ নির্বাচন বর্জন করে আন্দোলনকারী বিএনপির সমালোচনা করেন।

সরকারের মেয়াদ শেষেই একাদশ সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি। রাষ্ট্রপতির চলমান সংলাপের উদ‌্যোগের মধ‌্য দিয়ে গঠিত ইসির অধীনে সব দল সেই নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নির্দলীয় সরকারের অধীনে না হওয়ায় ২০১৪ সালের নির্বাচন বর্জনকারী বিএনপি বলে আসছে, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই পক্ষপাতহীন হবে না।

Image
জাতির উদ্দেশে ভাষণে শেখ হাসিনা

জাতির উদ্দেশে ভাষণে শেখ হাসিনা

প্রধানমন্ত্রীর ভাষণের পর রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ফখরুল সাংবাদিকদের বলেন, “সকলের আশা ছিল, তিনি (প্রধানমন্ত্রী) দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একটি রাজনৈতিক সমঝোতার আভাস দেবেন।

“তার ভাষণে তা না থাকায় এই বক্তব্য সময়ের চাহিদা মেটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমি বলতে চাই, দেশবাসী এই ভাষণে সম্পূর্ণ হতাশ হয়েছেন, আমরাও হতাশ হয়েছি।”

বিএনপ্হি বিভিন্ন দলের বর্জনের মধ‌্যে অর্ধেক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নিয়ে গঠিত সংসদ এবং তার মাধ‌্যমে গঠিত সরকারের বৈধতা নেই বলে বিএনপির দাবি; তারা বলছে, এখন দেশ একটি রাজনত্কি সঙ্কটের মধ‌্য দিয়ে চলছে।

ফখরুল বলেন, “সরকারের বৈধতা ও নৈতিকতার সঙ্কট দেশের প্রধান সমস্যা। অথচ তিনি সেই রাজনৈতিক সঙ্কট এড়িয়ে গেছেন।”

প্রধানমন্ত্রীর উন্নয়নের ফিরিস্তির বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, “সরকার একটি ধারাবাহিকতা। বৈধ কিংবা অবৈধ সব সরকারকেই সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য কিছু কাজ করতে হয়। জাতীয় উন্নয়নের চিত্র হিসেবে সে সবের ফিরিস্তি দিলে মানুষ হতাশ হয় বলে আমরা মনে করি।

“উন্নয়নের যে ফিরিস্তি প্রধানমন্ত্রী তার ভাষণে দিয়েছেন, তার অনেক কিছুই ভুল, অসত্য, ভিত্তিহীন এবং এতে রয়েছে এন্তার শুভংকরের ফাঁকি। দেশের মানুষ তাদের দৈনন্দিন অভিজ্ঞতায় ভালো করে বোঝেন, দেশ উন্নয়নের না কি অবনতির পথে এগুচ্ছে।”

Image
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

সরকার গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র সঙ্কুচিত করে ফেলেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, “নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দুর্নীতি, লুণ্ঠন অবাধে চলছে। ব্যাংকগুলো ও শেয়ারবাজার লুট হয়ে গেছে। জনজীবনে নিরাপত্তা নেই, সুবিচার ও আইনের শাসন নেই, শিক্ষার মান নেমে গেছে। আয়ের বৈষম্য বেড়েছে। শিশুদের পুস্তক ভুলে ভরা। গুম, খুন, অপহরণ, শিশু হত্যা, নারী ধর্ষণ নিত্যকার ঘটনা।

“প্রধানমন্ত্রী সব কিছু সুকৌশলে এড়িয়ে গেছেন।”

প্রধানমন্ত্রী বিভিন্ন ঘটনার জন্য বিরোধী দলকে দায়ী করে ‘অসত্য’ বক্তব্য দিয়েছেন বলেও দাবি করেন ফখরুল।

তিনি জানান, প্রধানমন্ত্রীর ভাষণ বিস্তারিত বিশ্লেষণ করে দুই-একদিনের মধ্যে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয় এসময়ে মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, চেয়ারপারসনে প্রেস সচিব মারুফ কামাল খান, চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার ও প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

পুরনো খবর:

পরবর্তী নির্বাচনে সব দলকে পাওয়ার আশা হাসিনার