২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক এগারোর মতো আরেকটি ‘ষড়যন্ত্র’ দেখছেন গয়েশ্বর

২০০৭ সালের এক এগারোর মতো আরেকটি ‘ষড়যন্ত্র’ চারদিকে ঘুরছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 01:02 AM

Updated : 11 Apr 2022, 10:48 PM

বুধবার এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “এক এগারো একটা ষড়যন্ত্র গেছে। আরেকটা ষড়যন্ত্র আকাশের চারিদিকে ঘুরছে। আন্দোলন ব্যতিরেকে এই মাথার ওপর ষড়যন্ত্রের যে জাল, এটা সরবে না।”

এক দশক আগে ক্ষমতার পালাবদলের পর বিএনপির যেসব নেতাকর্মী দলীয় নেতৃত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন তাদের আর ‘ফাঁদে পা’ না দেওয়ার আহ্বান জানিয়েছেন গয়েশ্বর।

তিনি বলেন, “আমাদের মধ্যে আমরা যারা দলের সাথে, নেত্রীর সাথে বেঈমানি করছি, আগামী ষড়যন্ত্রে যেন আমরা সেই ফাঁদে পা না দেই। আমরা যদি আমাদের মধ্যে এক থাকতে পারি,  আশা করি কোনো ষড়যন্ত্রই গ্রাস করতে পারবে না। নির্মূল করতে করতে নিজেরাই নির্মূল হয়ে যাবে। এ নিয়ে কোনো কথা না বলাই ভালো।”

এক এগারোর কুশীলবদের বিচার দাবি করে এই বিএনপি নেতা বলেন, “এই সরকার কুশীলবদের বিচার করবে না। কারণ তারা বেনিফিসিয়ারি। তবে ওদের বিচার হবে না, এটা ঠিক নয়। কোনো না কোনো দিন জনগণের সরকার আসলে তাদের বিচার হবে।”

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ডেমোক্রেটিক মুভমেন্ট’র উদ্যোগে ‘ষড়যন্ত্র ‍ও ওয়ান ইলেভেন সরকার’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেন, “২০০৭ সালের ১/১১ যে ঘটনা ঘটলো আমি একজন রাষ্ট্র বিজ্ঞানী হিসেবে বলব, এটা সামরিক বাহিনীর রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ না, এটা ক্লিয়ার মিলিটারি ক্যু অর্থাৎ সামরিক অভ্যুত্থান। সামরিক বাহিনীর অভ্যুত্থান এজন্য বলি যে, ১১ জানুয়ারি থেকে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তখন দেখা গেছে জেনারেল ও বিগ্রেডিয়ারদের।

“অত্যন্ত নিরাপদে এখন তারা এমন একটি দেশে অবস্থান করছেন যেখানে আমাদের সরকারের কিছু করার আর ভবিষ্যতে সম্ভব হবে কি না জানি না।”    

১১ জানুয়ারিকে ‘কালো দিবস’ হিসেবে চিহ্নিত করা উচিৎ বলে মন্তব্য করেন তিনি।

সংগঠনের সভাপতি সাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করীম খান, জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা প্রমুখ বক্তব্য রাখেন।