সোহরাওয়ার্দীর সভামঞ্চে শেখ হাসিনা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সম্মেলনের পর দলের প্রথম এই জনসভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশে ‘নীতি-নির্ধারণী’ বক্তব্য দেবেন বলে আগেই জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার বেলা আড়াইটায় ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে জনসভার কার্যক্রম শুরু করেন ওবায়দুল কাদের। সভা পরিচালনা করছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
বিকাল ৩টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাস্থলে উপস্থিত হন। দলের জ্যেষ্ঠ নেতারাও সভামঞ্চে উপস্থিত রয়েছেন।
নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন বঙ্গবন্ধু। লাখো জনতা সেদিন তাদের প্রিয় নেতাকে তেজগাঁও বিমানবন্দর থেকে খোলা ট্রাকে করে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) নিয়ে যায়। এই ময়দানেই সদ্য স্বাধীন জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন বঙ্গবন্ধু।
সমাবেশ উপলক্ষে দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা পতাকা ও ব্যানার নিয়ে মিছিল করে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন। তাদের অনেকেরই গায়ে দেখা যায় সবুজ-লাল টি শার্ট, মাথায় সবুজ ক্যাপ। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে উদ্যানের চারপাশ।
এদিকে সভামঞ্চ এবং সোহরাওয়ার্দীর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। জনসভা শেষ না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন মোড়ের দুপাশে এবং টিএসসির মোড় থেকে দোয়েল চত্বর মোড়ের দুপাশের রাস্তা বন্ধ থাকবে জানিয়ে চালকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
জিপিও মোড়, প্রেসক্লাব, কাকরাইল মসজিদ মোড়, এলিফেন্ট রোডের বাটা সিগন্যাল মোড়, দোয়েলচত্বরসহ বিভিন্ন পয়েন্টে পুলিশ ব্যারিকেড দেওয়ায় গুলিস্তান, মতিঝিল, ফাইর্মগেট, মগবাজারসহ আশপাশের সড়কগুলোতে দেখা যায় তীব্র যানজট। অনেককেই বাস থেকে নেমে হেঁটে যেতে দেখা যায়।
