ইসিতে সাবেক সেনাপ্রধান চায় বিকল্পধারা
নির্বাচন কমিশনে সাবেক প্রধান বিচারপতি, সাবেক উপাচার্য, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব, নারী সমাজ কর্মী ও পেশাজীবী প্রতিনিধির সঙ্গে সাবেক একজন সেনাপ্রধানকে রাখার প্রস্তাব দিয়েছে বিকল্পধারা।
নতুন ইসি গঠনে সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনায় এই প্রস্তাব দেওয়া হয়। বিকল্প ধারার ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সভাপতিএ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
বিকল্পধারার প্রস্তাবে বলা হয়েছে, ‘সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতির ক্ষেত্র সীমাবদ্ধ থাকায় রাষ্ট্রপতি তার দায়িত্বপালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন।
“সেই হিসেবে আমরা আশা করি, মাননীয় প্রধানমন্ত্রী যাদের নির্বাচন কমিশনে নিয়োগ করতে চান তাদের নামগুলি জানালে এই আলোচনা ফলপ্রসূ হত।”
বিকল্পধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে এসেছেন। তিনি সম্প্রতি বলেছিলেন, ইসি গঠনের এখতিয়ার সংবিধান রাষ্ট্রপতিকে দিলেও ওই ক্ষমতা চর্চার কোনো সুযোগ নেই।
বিকল্পধারা নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব করেছে। একই সঙ্গে নির্বাচন সংক্রান্ত মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির জন্য আইন প্রণয়নেরও প্রস্তাব করা হয়।
বিকল্পধারার সঙ্গে এক ঘণ্টার আলোচনা শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রপতির আলোচনার উদ্যোগ মানুষের মধ্যে অনেক প্রত্যাশার জন্ম দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতির এই উদ্যোগ শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে।”
আলোচনায় রাষ্ট্রপতি বলেন, রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং একে অপরের অভিমতকে সম্মান জানানো গুরুত্বপূর্ণ। রাজনীতিতে ‘স্পোর্টসম্যানশিপ’ স্পিরিট থাকতে হবে।
ইসলামী আন্দোলনের ৭ প্রস্তাব
এদিন রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ইসলামী আন্দোলন সাতটি প্রস্তাব তুলে ধরে। তাদের ১১ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের আমির সৈয়দ মুহাম্মদ রোজাউল করীম।
প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, দলীয় প্রভাবমুক্ত ও স্বচ্ছ নির্বাচন পদ্ধতির জন্য একটি আইনি কাঠামো প্রণয়নের প্রস্তাব দেয় ইসলামী আন্দোলন। এছাড়া সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ারও প্রস্তাব দেয় তারা।
নির্বাচন কমিশনের আলাদা সচিবালয় গঠন করারও প্রস্তাব দেয় দলটি।
নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উদ্যোগের প্রশংসা করে ইসলামী আন্দোলন আশা প্রকাশ করেছে, এর মাধ্যমে জাতীয় রাজনীতিতে ইতিবাচক ও গুণগত পরিবর্তনের ধারা সূচিত হবে।
রাষ্ট্রপতি এসময় বলেন, মত ও আদর্শের ভিন্নতা রয়েছে বলেই বিভিন্ন রাজনৈতিক দল। কিন্তু জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য থাকা উচিত। আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব।
