২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতনের মাত্রা এখন ‘অলিম্পিকের’ স্তরে: রিজভী

আওয়ামী লীগের বর্তমান সরকার আমলে বিরোধী দল বিশেষ করে নারীদের উপর নির্যাতনের মাত্রা অতীতের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2017, 01:51 PM

Updated : 19 Aug 2022, 03:24 PM

শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ‌্যানে ‘গণতন্ত্র হত‌্যা দিবসের’ সমাবেশ করতে না পারার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে বক্তব‌্যে এই দাবি করেন তিনি।

দশম সংসদ নির্বাচনের বছরপূতির দিন ৫ জানুয়ারি এবার ঢাকা বাদে অন‌্য সব জেলায় কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছিল বিএনপি; তা করতে গিয়ে বিভিন্ন স্থানে পুলিশ ও ক্ষমতাসীন দলের বাধার মুখে পড়ে তারা।

বৃহস্পতিবারের কর্মসূচিতে বাধার ঘটনাগুলো তুলে ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “বরিশালে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র ক্যাডাররা হামলা চালিয়ে মহিলা কাউন্সিলরসহ মহিলা দলের অর্ধশত নেতা-কর্মীকে নির্যাতন করে মারাত্মক আহত করেছে।

“আওয়ামী লীগ সরকারের আমলে তাদের বিভিন্ন বাহিনী ও দলীয় ক্যাডাররা নারী নির্যাতনের প্রতিযোগিতাকে অলিম্পিকের স্তরে উন্নীত করেছে।”

Image
বরিশালে হামলায় আহত বিএনপি নেত্রী আফরোজা খানম রোজি

বরিশালে হামলায় আহত বিএনপি নেত্রী আফরোজা খানম রোজি

ভিন্নমত সরকার সহ‌্য করতে পারছে না দাবি করে রিজভী বলেন, “বিরোধী দলের নিশ্চিহ্ন করার জন্যই অনাচারের পথ বেছে নিয়েছে সরকার। এই পথ বেছে নেওয়ার জন্যই অপরাধীরা আশকারা পাচ্ছে।

“আওয়ামী লীগ সংগঠন নিজেই যেন অপরাধীদের প্রজনন খামার।”

শনিবার সোহরাওয়ার্দী উদ‌্যানে সমাবেশের অনুমতি না পাওয়ার প্রতিবাদে রোববার সারাদেশে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেন রিজভী।

আ. লীগই ‘ষড়যন্ত্র করে’ ক্ষমতায়

বিএনপি ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চাইছে বলে ওবায়দুল কাদেরের বক্তব‌্যের প্রতিক্রিয়ায় উল্টো ক্ষমতাসীন দলটির বিরুদ্ধেই একই অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “আওয়ামী লীগ নেতার উদ্দেশ‌্যে আমি বলতে চাই, বিএনপি নয়, আওয়ামী লীগই জনবিচ্ছিন্ন হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় বসে আছে। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা আপনাদের ক্ষমতায় বসিয়েছে।

Image
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী

“এখন র‌্যাব-পুলিশ ও অদৃশ্য ক্ষমতার জোর আপনাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে। আজ দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই।”

রিজভী বলেন, “এরশাদ একটি নির্বাচিত সরকারকে উৎখাত করেছেন যখন, আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন, ‘আই অ্যাম নট আনহ্যাপি’। এটা কী ষড়যন্ত্রের অংশ নয়-আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে জানতে চাই।”

“মইনুদ্দিন-ফখরুদ্দীন সংবিধান বহির্ভূতভাবে দুই বছর ক্ষমতায় ছিলেন এবং আপনারা তাদের বলেছেন, আন্দোলনের ফসল এবং তারা যা কিছু করবেন- সেটা বৈধতা দান আপনারা করবেন। এরকম একটা অনিয়মতান্ত্রিক অবৈধ সরকারকে সমর্থন করলেন, তারা কী ষড়যন্ত্রকারী নয়?”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে এই দুই বিষয়ে দলের অবস্থান ব‌্যাখ‌্যা দাবি করেন বিএনপি নেতা।