২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি গঠনে ‘সিলেক্ট কমিটি’ চায় সিপিবি

নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ওপর নির্ভরশীল না হয়ে আইনের আওতায় সিলেক্ট কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 09:16 PM

Updated : 11 Oct 2022, 01:16 PM

বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ইসি গঠনে সংলাপে দলটির পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়।

সংলাপে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম নয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

এক ঘণ্টার বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “আলোচনায় সিপিবি সভাপতি বলেন, রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছেন তা গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

“তারা নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আইনি কাঠামো গড়ে তোলার প্রস্তাব দেন, যাতে রাষ্ট্রপতিকে বারবার দীর্ঘপ্রক্রিয়ায় আলোচনা করতে না হয়।”

সিপিবির প্রস্তাবে বলা আছে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার বিষয়টি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ওপর নির্ভরশীল না করে গোটা প্রক্রিয়াটিকে একটি আইনগত কাঠামোর আওতায় নিয়ে আসা উচিৎ। এজন্য সিলেক্ট কমিটি গঠনের পদ্ধতি নির্ধারণসহ সংবিধানের ১১৮ অনুচ্ছেদের নির্দেশনা অনুযায়ী উপযুক্ত আইন প্রণয়ন করা উচিৎ।

প্রধান বিচারপতি অথবা অ্যাটর্নি জেনারেল, স্পিকার, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, মহা হিসাব নিরীক্ষকসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত দুজন বিশিষ্ট নাগরিককে নিয়ে এই ‘সিলেক্ট কমিটি’ গঠনের প্রস্তাব দিয়েছে সিপিবি।

“সিলেক্ট কমিটি কর্তৃক কমিশনে নিয়োগযোগ্য ব্যক্তিদের একটি প্রাথমিক তালিকা সুপারিশ করার বিধান থাকতে হবে,” বলা হয়েছে প্রস্তাবে।

সিপিবি ইসি গঠন নিয়ে সাত দফা, নির্বাচনকালীন সরকার নিয়ে দুদফা এবং নির্বাচন ব্যবস্থা ঢেলে সাজাতে ৪৪টি প্রস্তাব দিয়েছে।

প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, “নির্বাচন কমিশন যাতে স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে সেজন্য কমিশনকে আর্থিক ও প্রশাসনিকভাবে শক্তিশালী করার প্রস্তাব দেয় সিপিবি। তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রচলিত নির্বাচন ব্যবস্থা ঢেলে সাজানোর প্রস্তাব করেন।”

সিপিবি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করার প্রস্তাব দিয়েছে। অর্থাৎ প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে দলগুলোর আসন বণ্টন হবে।  

প্রেস সচিব বলেন, “সিপিবি সংসদে সরাসরি নারী প্রতিনিধি বাড়ানোর প্রস্তাব করেছে। যতদিন পর্যন্ত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চালু না হয় ততদিন সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বৃদ্ধির প্রস্তাব করেন।”

রাষ্ট্রপতি সিপিবি প্রতিনিধি দলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় ও আলোচনার ফলে নির্বাচন কমিশন গঠনে ইতিবাচক বিভিন্ন প্রস্তাব পাওয়া যাচ্ছে, যা কমিশন গঠনে সহায়ক হবে।”

সিপিবি প্রতিনিধি দলে ছিলেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ জাফর আহমদ, কেন্দ্রীয় নেতা হায়দার আকবর খান রনো, শাহ আলম, লক্ষ্মী চক্রবর্তী, রুহিন হোসেন প্রিন্স, কাজী সাজ্জাদ জহির চন্দন, কাফি রতন।