আত্মসমর্পণের পর কারাগারে বিএনপির সাবেক সাংসদ সালাহউদ্দিন
ঢাকা-৪ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহম্মেদকে নাশকতার ১১ মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বুধবার ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দেন।
নাশকতার ১৫ মামলার আসামি বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন সকালে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানি নিয়ে যাত্রাবাড়ী থানার সাতটি, কদমতলী থানার তিনটি ও শ্যামপুর থানার একটি মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। একইসঙ্গে যাত্রাবাড়ী থানার দুই মামলায় তাকে জামিন দেন।
এছাড়া ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ ওয়ারী থানার একটি মামলায় এবং অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশির গেণ্ডারিয়া থানার আরেক মামলায় তাকে জামিন দেন।
আসামিপক্ষে জামিন শুনানি করেন সানাউল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এবং পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন শুনানিতে অংশ নেন।
২০১৫ সালে বিএনপির ডাকা অনির্দিষ্টকালের হরতাল-অবরোধ কর্মসূচির সময় নাশকতার অভিযোগে এসব মামলা করা হয়েছিল।
