২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির প্রতিক্রিয়া হতাশার প্রতিফলন: নাসিম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপির প্রতিক্রিয়া তাদের ‘হতাশা ও বেদনার প্রতিফলন’ বলে মন্তব‌্য করেছেন ক্ষমতাসীন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2016, 10:20 PM

Updated : 20 Aug 2022, 02:33 PM

রোববার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জোটের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস‌্য।

গত সপ্তাহে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নির্বাচনে পরাজয়ের পর বিএনপির একেক নেতা একেক রকম কথা বলছেন।

দলটির স্থায়ী কমিটির সদস‌্য গয়েশ্বর চন্দ্র রায় বলছেন, ভোট ‘ফেয়ার’ হয়েছে, ফল হয়েছে ‘আনফেয়ার’। গণনা নিয়ে সন্দেহ প্রকাশ করে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন রুহুল কবির রিজভী। অন‌্যদিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনের মধ‌্য দিয়ে তাদের ভোটের অধিকারের আন্দোলনের আংশিক বিজয় হয়েছে।

নাসিম বলেন, “সবাই, এমনকি পরাজিত প্রার্থীও বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তারপরেও বিএনপি একের পর এক বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। আসলে যে কোনো ভালো অর্জনকে বিতর্কিত করাই বিএনপির অভ্যাস।

“বিএনপি নিজেদের হারের হতাশা বা মনে বেদনা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এ ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে।”

স্বাস্থ‌্যমন্ত্রী নাসিম নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী, ভোটার ও দায়িত্বপালনকারী আইনশৃঙ্খলা বাহিনীকে ১৪ দলের পক্ষে ধন্যবাদ জানান।

তিনি বলেন, “শেখ হাসিনা ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নারায়ণগঞ্জে একটা সফল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রমাণ হয়ে গেছে, গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে।”

বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, “খালেদা জিয়ার বোধোদয় হওয়া উচিত। জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি কোনো দিন বিজয় অর্জন করতে পারবে না।

“সেই জন্য বলতে চাই, জামায়াতকে ছাড়ুন, ত্যাগ করুন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শ্রদ্ধা করতে না পারেন, জামায়াতকে সঙ্গে রেখে জনগণের ঘৃণার পাত্র হবেন না।”

আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানের বিষয়ে নাসিম বলেন, “অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ নিয়ে, ধৈর্যের সঙ্গে এই অভিযান পরিচালনা করেছেন (আইনশৃঙ্খলা বাহিনী)। এ জন্য ১৪ দলের পক্ষ থেকে তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে নাসিমের সঙ্গে ছিলেন জাসদের শরীফ নুরুল আম্বিয়া, শিরীন আখতার, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের মাহবুব-উল আলম হানিফ, আহমদ হোসেন, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ।