২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ স্মরণে কর্মসূচি ডেকে জাসদ ছাত্রলীগের মারামারি

জাসদে বিভক্তির জেরে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ে দলটির ছাত্র সংগঠনের এক কর্মসূচিতে মারামারিতে জড়িয়েছে দুই পক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 07:54 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

এরশাদবিরোধী আন্দোলনে রাজশাহীতে শহীদ শাহজাহান সিরাজ স্মরণে বুধবার বিকালে টিএসসি সড়ক দ্বীপে সভা ডেকেছিল দুই পক্ষ।

কিন্তু বিশ্ববিদ‌্যালয় প্রশাসন কাউকে সমাবেশ করতে না দেওয়ার মধ‌্যে ডাকসু ভবনের সামনে দুই পক্ষ জড়ো হওয়ার পর মারামারি বাঁধে বলে প্রত‌্যক্ষদর্শীরা জানায়।

‘ছাত্র-শ্রমিক সংহতি দিবসে’ জাসদ ছাত্রলীগের সভাপতি সামছুল ইসলাম সুমনের নেতৃত্বে সভা ডাকার পর একই সময়ে ওই স্থানে একই কর্মসূচি ডাকেন সাধারণ সম্পাদক শাহজাহান সাজু।

সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক এহসান হাবিব, দপ্তর সম্পাদক গৌতম শীল ও সাজ্জাদ হোসেন সোহাগকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের গত ১৯ অক্টোবর বহিষ্কার করেছিল সভাপতি পক্ষ। তখন সাধারণ সম্পাদক পক্ষ সভাপতি সুমনকে পাল্টা বহিষ্কারের ঘোষণা দেয়।

এ বছরের শুরুতে কাউন্সিলে জাসদের বিভক্তির পর ছাত্র সংগঠনের সভাপতি সুমন জাসদে হাসানুল হক ইনু নেতৃত্বাধীন অংশের পক্ষ নেন। অন‌্যদিকে জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু নেন শরীফ নুরুল আম্বিয়া নেতৃত্বাধীন অংশের পক্ষ। এরপর চলে পাল্টাপাল্টি বহিষ্কার।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণ সম্পাদক সাজু অনুসারী কয়েকজন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ডাকসু ভবনের সামনে সমাবেশ করতে গেলে সভাপতি সুমন অনুসারীরা তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে সাজুর অনুসারীরা দৌড়ে পালিয়ে যায়।

সাজু পক্ষের গৌতম শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকের আলোচনা সভার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়েছিলাম। কিন্তু ৩টার দিকে গিয়ে দেখি বহিষ্কৃত সভাপতির অনুসারীরা আলোচনা সভায় জন্য প্রস্তুতি নিচ্ছে।

“পরে প্রশাসন বাধা দিলে আমরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ডাকসুর সামনে সমাবেশ করছিলাম। বহিষ্কৃত সভাপতি সুমনের অনুসারীরা সেখানেও আমার উপর হামলা চালায় এবং মারধর করে।”

তবে সভাপতি সুমন প্রতিপক্ষকে মারধরের অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনেছি, তারা ডাকসুর সামনে সমাবেশ করেছে। কিন্তু সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখা অনুসারীরা সেখানে গেলে তারা দৌড় দিয়ে পালিয়ে যায়।”

বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, “শৃ্ঙ্খলা ভঙ্গের দায়ে সাধারণ সভায় ওই চারজনকে বহিষ্কার করা হয়েছিল গত ১৯ অক্টোবর। তারা আমাকে বহিষ্কার করবে কীভাবে?

“সংগঠনের কেন্দ্রীয় কমিটির ৪৫ জনের মধ্যে ৪১ জন বসে চারজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। ওই চারজন কাউকে বহিষ্কার করতে পারে না।”