২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সংলাপে যেতে চায় জামায়াতও

নিবন্ধন অবৈধ হওয়ায় নির্বাচনের অযোগ‌্য জামায়াতে ইসলামী নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে চায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 12:55 AM

Updated : 20 Aug 2022, 02:31 PM

এই ইচ্ছার কথা জানিয়ে সোমবার জামায়াতের আমির মকবুল আহমাদ বঙ্গভবনে চিঠি পাঠিয়েছেন বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন নির্বাচন কমিশন গঠনে এরইমধ‌্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রোববার জামায়াতের জোটসঙ্গী বিএনপি নেতাদের সঙ্গে প্রথম বৈঠক করেন তিনি।

আসছে ফেব্রুয়ারিতে নতুন যে ইসি দায়িত্ব নেবে তাদের অধীনেই পরবর্তী জাতীয় নির্বাচন হবে।

সোমবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “জামায়াতে ইসলামীকে সংলাপে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে আমির মকবুল আহমাদ ১৯ ডিসেম্বর একটি পত্র প্রেরণ করেছেন।

“আমিরের পত্রে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সফলতা কামনা করা হয়।”

একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ শীর্ষ পাঁচ নেতার মৃত‌্যুদণ্ড কার্যকর হওয়ায় দুই মাস আগে দলের নেতৃত্বে আসেন মকবুল।

তিনি নিজেও একাত্তরে ফেনীতে রাজাকার সদস‌্য হিসেবে যুদ্ধাপরাধে অংশ নেন বলে অভিযোগ রয়েছে, ইতোমধ‌্যে যার তদন্ত শুরু করেছে ট্রাইব‌্যুনালের তদন্ত সংস্থা।

এর আগে ২০১২ সালে নির্বাচন কমিশন গঠনের সময় ২৩টি দলের সঙ্গে সংলাপে বসেছিলেন তখনকার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। একাত্তরের ভূমিকার কারণে সেই সময়ও বঙ্গভবনে আমন্ত্রণ পায়নি জামায়াত।

২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গঠন করে যুদ্ধাপরাধীদের বহু প্রতীক্ষিত বিচার শুরু হলে ‘যুদ্ধাপরাধী দল’ হিসেবে জামায়াত নিষিদ্ধের দাবিও জোরালো হয়ে ওঠে।

এরই মধ্যে শর্ত পূরণ না করায় ২০১৩ সালে হাই কোর্টের আদেশে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়ে যায়। ফলে বাংলাদেশে নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হয়ে পড়ে দলটি। ওই আদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামী আপিল বিভাগে গেলেও বিষয়টির সুরাহা এখনও হয়নি।

এই প্রসঙ্গ টেনে জামায়াতের চিঠিতে বলা হয়েছে, “মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামায়াতের নিবন্ধন মামলাটি বিচারাধীন আছে। স্বাভাবিকভাবেই জনগণের প্রতিনিধিত্বকারী দল হিসেবে সংলাপে অংশগ্রহণের অধিকার জামায়াতের রয়েছে।” 

নতুন নির্বাচন কমিশন গঠনে গত মাসে এক সংবাদ সম্মেলনে ১৩ দফা প্রস্তাব তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নিবন্ধিত সব রাজনৈতিক দল বা স্বাধীনতার পর থেকে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মতৈক‌্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের দাবি তোলেন তিনি।

সংলাপের অংশগ্রহণের অধিকার দাবি করে জামায়াতের দেওয়া চিঠিতেও জোটসঙ্গী বিএনপি প্রধানের বক্তব‌্যের প্রতিধ্বনি এসেছে।

“জামায়াতে ইসলামী জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। স্বাধীনতার পর প্রায় প্রতিটি সংসদে প্রতিনিধিত্ব ছিল।

“দেশের একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় সংলাপকে অর্থবহ করে তোলার জন্য ওই সংলাপে জামায়াতে ইসলামীর অংশগ্রহণের সুযোগ থাকা বাঞ্ছনীয়।”